প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:২৬ পিএম
নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলোমুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু আবুবকর সিদ্দিক রাফির (৭)মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর রোববার (১৮ অক্টোবর) ভোরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজার সংলগ্ন ফুলদী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তলিয়ে যায় শিশু রাফি।
নিহত আবুবকর সিদ্দিক রাফি নড়াইল জেলার কালিয়া থানার নড়াগাতী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। বাবার চাকরির সুবাদে তার পরিবার উপজেলার মধ্য ভাটেরচর গ্রামের আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। রাফি দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। গোসলের একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও ডুবুরি দল শনিবার দিনভর উদ্ধার অভিযান চালায়, তবে শিশুটির কোনো সন্ধান মেলেনি। রোববার সকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলের কাছাকাছি ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সকালে ডুবুরি দল দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করার মুহূর্তে স্থানীয়রা শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর দেয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে।
সময়ের আলো/জোই