প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীতবিএনপিসহ কয়েকটি দলের সঙ্গে একমত হয়েই জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার প্রশ্ন, কোন কারণে বুকে পাথর চাপা দিয়ে জামায়াত সনদে স্বাক্ষর করেছিল।
রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন লেখেন, ‘বিএনপিসহ বেশ কয়েকটি দলের ভিন্নমতের সাথে একমত হয়েই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলো জামায়াতে ইসলামী। জাতীয় ঐক্যমত কমিশন আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানের ঠিক আগের দিন জামায়াতে ইসলামী বলেছিলো, পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবো না। কিন্তু পরের দিন স্বাক্ষর করার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সবার আগে তারাই গিয়ে বসে ছিলো।’
তিনি আরও লেখেন, ‘জানি না, কোন কারণে বুকে পাথর চাপা দিয়ে জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলো! তবে যতো কষ্টই তাদের হোক না কেনো, তারা স্বাক্ষর করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদে থাকা ভিন্নমত বিতর্কের অবসান ঘটেছিলো।’
রাশেদ খাঁনের দাবি, জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রথমে সনদে স্বাক্ষর না করে নিজেদের অবস্থানে অনড় ছিল। তবে পরে তারাও স্বাক্ষর করে ভিন্নমতের বিতর্কের অবসান ঘটায়।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রথম দফায় জনগণের ম্যান্ডেট পেলে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সেই প্রতিশ্রুতি অনুযায়ী সনদ বাস্তবায়নের পথে রয়েছে।
রাশেদ খাঁনের মতে, সব দলের স্বাক্ষরের মাধ্যমে ভিন্নমত নিয়ে বিতর্কের অবসান হয়েছে। তাই সেই বিতর্ক নতুন করে সামনে এনে সময় নষ্ট করার প্রয়োজন নেই।
সময়ের আলো/এমকে