প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম
আনসার সদস্য পারভীন বেগম। ছবি : সংগৃহীতগাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া নারী আনসার সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম পারভীন বেগম (৪৫)। রোববার (১৮ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষ্যে শনিবার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পারভীন। দায়িত্ব পালনের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে তিনি ছুটি নিয়ে বাড়ি ফিরে যান।
বাড়ি ফেরার পর তাঁর অনবরত পাতলা পায়খানা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রাণী রায় বলেন, শনিবার সকাল ১১টার দিকে পারভীন বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি জানান, রোববার পারভীন বেগমের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সময়ের আলো/এনএন