প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:২৬ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৭:২৭ পিএম
সময়ের আলো গ্রাফিক বিশ্বের ৫০ দেশের জনপ্রিয় সুপারস্টারদের নিয়ে তৈরি একটি তালিকায় স্থান পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
ইন্দোনেশিয়ার অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ‘ওয়ার্তা ইকোনোমি’ প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ২৫তম অবস্থানে রয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশের তারকাদের জনপ্রিয়তা ও স্টারডম বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। এতে শাকিব খানের পাশাপাশি স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের টম হ্যাঙ্কস, ভারতের শাহরুখ খান, হংকংয়ের ব্রুস লি, চীনের জ্যাকি চ্যান, পাকিস্তানের ফাওয়াদ খান এবং তুরস্কের বুরাক ওজচিভিতের মতো তারকারা।
স্পেন, জার্মানি, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও সুইজারল্যান্ডসহ বিশ্বের ৫০টি দেশের চলচ্চিত্রশিল্পের পরিচিত তারকাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায়।
দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে জনপ্রিয়তা ধরে রেখেছেন শাকিব খান। বাণিজ্যিক সাফল্য, দর্শকপ্রিয়তা এবং একের পর এক আলোচিত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রশিল্পে নিজের অবস্থান সুসংহত করেছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনীত সিনেমা দেশের বাইরেও মুক্তি পাচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার পরিচিতি বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করছে।
আন্তর্জাতিকভাবে পরিচিত বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে একই তালিকায় শাকিব খানের নাম থাকা বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিত্বের বিষয়টিকে সামনে এনেছে। বিদেশি একটি সংবাদমাধ্যমের এমন তালিকায় বাংলাদেশের অভিনেতার অন্তর্ভুক্তি দেশের চলচ্চিত্রাঙ্গনের জন্যও তাৎপর্যপূর্ণ।
সময়ের আলো/টিকে