প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৩ পিএম
মঙ্গলবার মহাকাশ অভিযান শুরু করতে যাচ্ছে জাপান। ছবি : আনাদোলু মঙ্গল গ্রহের উপগ্রহ ফোবোসে অবতরণ করে মাটির নমুনা সংগ্রহ ও তা পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে মঙ্গলবার মহাকাশ অভিযান শুরু করতে যাচ্ছে জাপান।
মঙ্গল গ্রহের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনতে নতুন মহাকাশ অভিযান চালু করতে যাচ্ছে জাপান। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে।
‘মার্টিয়ান মুনস এক্সপ্লোরেশন’ বা এমএমএক্স নামের এই অভিযান মঙ্গলবার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রিফেকচার থেকে উৎক্ষেপণ করা হবে। তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে এইচ-৩ রকেটের মাধ্যমে মহাকাশযানটি পাঠানো হবে।
এই অভিযানের মূল লক্ষ্য মঙ্গলের উপগ্রহ ফোবোসে অবতরণ করা, সেখানকার পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করা এবং তা পৃথিবীতে ফিরিয়ে আনা। সফল হলে এটিই হবে বিশ্বের প্রথম অভিযান, যার মাধ্যমে ফোবোসে অবতরণ করে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) তিনটি মডিউল নিয়ে গঠিত এই মহাকাশযান তৈরির প্রকল্পের নেতৃত্ব দিয়েছে। পুরো প্রকল্পের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৫৩ কোটি ইয়েন, যা প্রায় ৩৫ কোটি মার্কিন ডলারের সমান।
মহাকাশযানটির অনুসন্ধান মডিউলে নমুনা সংগ্রহের সরঞ্জাম, বিভিন্ন পর্যবেক্ষণ যন্ত্র এবং দুটি অতি উচ্চ-সংজ্ঞার ক্যামেরা রয়েছে। এসব যন্ত্রের সাহায্যে ফোবোসের পৃষ্ঠ ও পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
উৎক্ষেপণের প্রায় এক বছর পর মহাকাশযানটি মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এরপর এটি প্রায় তিন বছর ধরে পর্যবেক্ষণ ও অনুসন্ধান কার্যক্রম চালাবে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, নমুনা বহনকারী ফেরত মডিউলটি ২০৩২ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরের মধ্যে পৃথিবীতে ফিরে আসতে পারে।
বিজ্ঞানীরা আশা করছেন, ফোবোস থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে মঙ্গলের উপগ্রহগুলোর উৎপত্তি ও গঠন সম্পর্কে নতুন তথ্য জানা যাবে। একই সঙ্গে মঙ্গল গ্রহের ইতিহাস এবং সৌরজগতের বিবর্তন সম্পর্কে গবেষণায়ও এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ