প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম
এআইয়ের পরামর্শ চূড়ান্ত রোগ নির্ণয় নয়। ছবি : সংগৃহীতকয়েক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা করেও মায়ের অসুস্থতার কারণ খুঁজে পাচ্ছিলেন না চিকিৎসকেরা। শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সম্ভাব্য কারণ শনাক্ত করেন যুক্তরাজ্যের এডওয়ার্ড প্যাট্রিক।
পরে চিকিৎসকেরা পরীক্ষা করে তা নিশ্চিত করেন এবং চিকিৎসা পরিবর্তনের পর তার মায়ের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এডওয়ার্ডের মা অ্যান প্যাট্রিক পারকিনসন রোগে আক্রান্ত। কয়েক মাস ধরে তিনি বারবার খিঁচুনিতে ভুগছিলেন। একাধিক চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন পরীক্ষা করিয়েও এর নির্দিষ্ট কারণ জানা যাচ্ছিল না। এ অবস্থায় মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে নিজেই সম্ভাব্য কারণ খুঁজতে শুরু করেন এডওয়ার্ড।
একপর্যায়ে এআইয়ের সাহায্য নিয়ে তার ধারণা হয়, ভিটামিন বি৬-এর ঘাটতির সঙ্গে খিঁচুনির সম্পর্ক থাকতে পারে। তিনি বিষয়টি চিকিৎসকদের জানান। পরে প্রয়োজনীয় পরীক্ষা করে চিকিৎসকেরা ভিটামিন বি৬-এর ঘাটতি নিশ্চিত করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিটামিন বি৬ ইনফিউশন দেওয়ার পর অ্যানের খিঁচুনি বন্ধ হয়ে যায়। এডওয়ার্ড জানান, মায়ের অবস্থা এতটাই সংকটাপন্ন হয়েছিল যে তার হাতে বাঁচার জন্য মাত্র কয়েক ঘণ্টা সময় রয়েছে বলে মনে হচ্ছিল।
অ্যানের খিঁচুনির সঙ্গে র্যাবডোমায়োলাইসিস নামের গুরুতর শারীরিক জটিলতারও সম্পর্ক তৈরি হয়েছিল। এ অবস্থায় পেশির কোষ ভেঙে গিয়ে ক্ষতিকর উপাদান রক্তে ছড়িয়ে পড়তে পারে, যা কিডনির ক্ষতি করতে পারে।
এই ঘটনা রোগ নির্ণয়ে এআইয়ের সম্ভাব্য ভূমিকা সামনে এনেছে। তবে এআইয়ের পরামর্শ চূড়ান্ত রোগ নির্ণয় নয়। রোগীর উপসর্গ, চিকিৎসকের মূল্যায়ন ও পরীক্ষার ফলের ভিত্তিতেই রোগ নিশ্চিত করা জরুরি।
সময়ের আলো/এমকে