প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৩০ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৯:৩৬ পিএম
ছবি : সংগৃহীত মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন টয়লেট অপরিচ্ছন্ন দেখে নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ উদ্যোগ নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে নিজ হাতে আবর্জনা পরিষ্কার করেন তিনি।
আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, নিজের পরিবারের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসব প্রতিষ্ঠান যেন সব সময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী থাকে, সে বিষয়ে তিনি সবার প্রতি অনুরোধ জানান।
তিনি আরও বলেন, মানুষ যেখানেই সেবা নিতে যাবেন, সেই সেবা প্রতিষ্ঠানকে নিজের বাড়ি ও ঘর মনে করতে হবে। এটি সবার প্রতি তার বিশেষ অনুরোধ।
সংসদ সদস্য খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান। এ ক্ষেত্রে তার সদিচ্ছার কোনো কমতি নেই।
প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তারাও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সময়ের আলো/এসএকে