বাংলাদেশে নতুন বিনিয়োগের ঘোষণা কানাডার

কূটনৈতিক প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশে ৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই। সম্প্রতি বাংলাদেশ সফরে

2026-10-19T01:41:48+00:00
2026-10-19T01:41:48+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বাংলাদেশে নতুন বিনিয়োগের ঘোষণা কানাডার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৪১ এএম 
প্রতীকী ছবি
বাংলাদেশে ৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে তিনি এ ঘোষণা দেন বলে রোববার এক বার্তায় জানিয়েছে ঢাকার কানাডীয় দূতাবাস।

বার্তায় বলা হয়, রণদীপ সারাই গত ১১ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সফর করেন। এ সফরের উদ্দেশ্য ছিল কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কানাডা ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং সবার অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের জনগণের জন্য উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করা। সফরকালে প্রতিমন্ত্রী সারাই চারটি নতুন উদ্যোগের জন্য ৪৫ মিলিয়ন কানাডিয়ান ডলার (৩৯০ কোটি টাকা) অনুদান ঘোষণা করেন। 

এ তহবিল বাংলাদেশে কৃষি উদ্ভাবন, অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ও সংস্কার, অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে যার মধ্যে উদ্ভাবকদের সঙ্গে বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতের সংযোগ স্থাপনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তার জন্য বায়ো এন্টারপ্রাইজ কানাডাকে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার কৃষি খাতের উন্নয়নে দেবে। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সহজ করা, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর জন্য কোওয়াটার ইন্টারন্যাশনালকে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার দেবে। অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার জন্য বিশ্বব্যাংককে ৫০ লাখ কানাডিয়ান ডলার দেবে। 

এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ বাড়াতে এবং বেসরকারি খাতের বিকাশে সহায়তা করার জন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) ৪০ লাখ কানাডিয়ান ডলার দেওয়া হবে।

কানাডার ঢাকা দূতাবাস বলছে, এই ধরনের বিনিয়োগের মাধ্যমে কানাডা উন্নয়ন সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দিচ্ছে। এটি দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রে কানাডার নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এ দৃষ্টিভঙ্গির লক্ষ্য হলো দুই দেশের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পদ কাজে লাগিয়ে যৌথভাবে নতুন সুযোগ তৈরি করা। এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো বাস্তবায়নে সহায়তার পাশাপাশি উভয় দেশের ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।


এই ঘোষণা কানাডা ও বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্কের ধারাবাহিকতার একটি বড় উদাহরণ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কানাডা এদেশে ৬.৩ বিলিয়ন কানাডিয়ান ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে এবং ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য ৪ বিলিয়ন কানাডিয়ান ডলার অতিক্রম করেছে। কানাডা, ব্র্যাক ও অস্ট্রেলিয়ার একটি বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে কানাডা এখানে ৪ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার দিয়েছে, যা গত পাঁচ বছর ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সহায়তা করে আসছে।

কানাডা আইসিডিডিআরবিকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য ১ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দিয়েছে। বাংলাদেশ ছাড়া কানাডাই একমাত্র দেশ, যারা আইসিডিডিআরবিকে এ ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা দিয়ে আসছে। এ ছাড়া যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সমস্যা ও ঘাটতি নিয়ে প্রয়োজনীয় গবেষণার জন্য কানাডা আইসিডিডিআরবিকে ২ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার সহায়তা দিয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   বাংলাদেশ  বিনিয়োগ  ঘোষণা  কানাডা 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: