প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত দেশ গড়ার কাজে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে লড়াই করেছে। আগামীতেও দেশ গড়ার সংগ্রামে নাগরিক পরিচয়ই হবে মুখ্য।
রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ও গুলশান-বনানীর পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানুষ কে কোন ধর্মের, তা বিবেচনা করা হয়নি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—দেশের প্রতি ভালোবাসা থেকে সবাই একসঙ্গে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র হুমকির মুখে পড়লে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য মানুষ রাজপথে নেমেছে। সেসব আন্দোলনেও ধর্মীয় পরিচয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সেদিন দলমত নির্বিশেষে নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিলেন। কে কোন ধর্মের অনুসারী, তা না দেখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সফল করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি, ঠিক একইভাবে আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও আমরা ধর্ম দেখব না। আমরা দেখব কে এ দেশের নাগরিক।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষই সবার আগে। দেশের ওপর প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। সেই অধিকার প্রতিষ্ঠা করতে হলে সব ধর্ম ও পেশার মানুষকে একসঙ্গে কাজ করে দেশ গড়ে তুলতে হবে।
তারেক রহমান বলেন, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যে এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের নজির রয়েছে। আগামী হাজার বছরও যেন সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারেন, সেটিই সবার প্রত্যাশা হওয়া উচিত।
এর আগে রাতে প্রধানমন্ত্রী মহাখালীর রক্ষাকালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বনানীর পূজামণ্ডপে গিয়ে পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সময়ের আলো/জেডি