প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৫৮ এএম আপডেট: ১৯.১০.২০২৬ ৩:০১ এএম
ছবি : সংগৃহীত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবার এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই সাহসী সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য। কেন্দ্র থেকে তৃণমূল এখান থেকে শিক্ষা নিবে সেই প্রত্যাশা করি।’
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিতে দেখা যায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনার পর রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বলে বাংলাদেশ টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এ খবর অস্বীকার করেন ইশরাক। এশিয়া পোস্টকে তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি ভিত্তিহীন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে এমন কোনো তথ্য জানানো হয়নি।’
এক অডিও বার্তায়ও এ খবরকে গুজব হিসেবে বিবেচনা করার আহ্বান জানান ইশরাক। তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সত্যতা নেই। দল থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা অনানুষ্ঠানিক কোনো সূত্রে নয়, বরং আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
ইশরাকের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তাও পদত্যাগের খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রোববার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইশরাকের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রচারিত খবর ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’।
পদত্যাগের বিষয় নিয়ে ফেসবুকে ইশরাক লিখেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হলেই দ্রুত সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।
সময়ের আলো/জেডি