অসংক্রামক রোগে বছরে ৫ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে বছরে ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জন মানুষের মৃত্যু হয় বিভিন্ন অসংক্রামক রোগে। মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক

2026-10-19T04:22:37+00:00
2026-10-19T04:22:37+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
অসংক্রামক রোগে বছরে ৫ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:২২ এএম 
গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। ছবি : সংগৃহীত
দেশে বছরে ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জন মানুষের মৃত্যু হয় বিভিন্ন অসংক্রামক রোগে। মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগে যার ১৯ শতাংশই অকালমৃত্যু। একটি পরিসংখ্যানের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। রোববার রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন : অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে প্রজ্ঞা। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশ নেন।

এই খাতে বাজেট বরাদ্দ খুবই কম উল্লেখ করে বিশ্বব্যাংকের ২০১৯ সালের একটি প্রতিবেদন তুলে ধরে প্রজ্ঞা জানায়, বাংলাদেশে স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়, যা খুবই কম। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশে মাথাপিছু বরাদ্দের পরিমাণও অত্যন্ত কম, বছরে মাত্র ০.০৮ ডলার। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা বরাদ্দ ১.৫ ডলারের চেয়ে অনেক কম।

কর্মশালায় বক্তারা জানান, দেশে রোগের তালিকায় শীর্ষে রয়েছে উচ্চ রক্তচাপ। এ রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাদের মতে, স্বাস্থ্যখাতে সরকারের বর্ধিত বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা গেলে হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি ও মৃত্যু কমানো সম্ভব।

শীর্ষ ১০ রোগের তালিকায় প্রথম উচ্চ রক্তচাপ : কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। ২০২৪ সালে দেশে হৃদরোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপের প্রকোপ শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই; তরুণদের মধ্যেও এ রোগ বাড়ছে। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৯ বছর বয়সি জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত।

কর্মশালায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন বলেন, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্ধিত বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।


ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগে। অথচ এসব রোগ মোকাবিলায় স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ বরাদ্দ রয়েছে। এ খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, দেশে সবচেয়ে বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে। এ রোগ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের। বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   অসংক্রামক রোগ  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: