প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩২ এএম
ছবি : সংগৃহীত তিন ধাপে ঢাকা এসেছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল। ভারত সফরে থাকা বেশ কয়েকজন সদস্য এসেছেন শেষ ধাপে। তবে সফরের আগে শেষ মুহূর্তে টেস্ট দলে পরিবর্তন আনতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আসন্ন টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেললেও এখনও সাদা পোশাকে অভিষেক হয়নি তার। ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই নতুন এক অধ্যায় শুরুর সুযোগ তৈরি হয়েছে স্প্রিঙ্গারের সামনে।
রোববার এক বিবৃতিতে পলের সরে দাঁড়ানো এবং স্প্রিঙ্গারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নায়াল স্মিথের নাম বিবেচনায় ছিল। কিন্তু চোটের কারণে তাদের কাউকেই দলে নেওয়া সম্ভব হয়নি। এর আগে মূল স্কোয়াড থেকে পেসার আলজারি জোসেফকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় দলে নেওয়া হয়েছিল পলকে। এবার পলও সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত কপাল খুলেছে স্প্রিঙ্গারের।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন স্প্রিঙ্গার। তবে টেস্ট ক্রিকেটে এখনও অভিষেক হয়নি ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই অলরাউন্ডারের। ঘরোয়া ক্রিকেটে অবশ্য ব্যাট ও বল, দুই বিভাগেই নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে করেছেন ১ হাজার ৪৩ রান। পাশাপাশি ২৭.৮৭ গড়ে নিয়েছেন ৫৮ উইকেট।
সম্প্রতি ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে তার সংগ্রহ ২৫১ রান। তবে বল হাতে সময়টা ভালো কাটেনি তার। ৪২ গড়ে পেয়েছেন মাত্র সাত উইকেট। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে তার সামনে। এদিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না আলজারি জোসেফ ও কিমো পল। তাদের সঙ্গে থাকছেন না সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক শাই হোপও। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে একাধিক পরিবর্তন দেখা যাচ্ছে। আগামী ২৮ অক্টোবর মিরপুরে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। আর ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সময়ের আলো/প্রিন্ট/জেডি