শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার নামে বাণিজ্য মেলা। ছবি : সময়ের আলো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অনুমোদন ছাড়া একটি দেশীয় শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার নামে বাণিজ্য মেলা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার কারণেই কয়েকদিন ধরে প্রকাশ্যে অনুমোদনহীন মেলা চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় সূত্র জানায়, গত ১৩ অক্টোবর কেরানীহাট সী-ওয়ার্ল্ডে মেলাটি উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। সেইদিন থেকে পরিচালিত মেলার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং কেরানীহাট-বান্দরবান মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়ছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সামনেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা। ঠিক এই সময় মেলার প্রতি আকৃষ্ট করে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি মেলায় আগত মানুষের কারণে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা বলেন, প্রশাসনের অনুমতি না থাকলে এত বড় আয়োজন দিনের পর দিন চলতে পারে না। আয়োজকরা ইউএনও এবং ওসিকে ম্যানেজ করেছেন বলেই কোনো অভিযান হচ্ছে না।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, কোনো বাণিজ্য মেলা আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, অগ্নিনিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা জরুরি। এসব শর্ত পূরণ হয়েছে কি না, তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।
এদিকে কয়েকদিন আগে কেরানীহাট এলাকায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও একই এলাকায় অনুমোদনহীন মেলা চলতে থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের ভাষ্য, একদিকে যানজট নিরসনের কথা বলা হচ্ছে, অন্যদিকে যানজটের অন্যতম কারণ হয়ে ওঠা অনুমোদনহীন মেলার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে মেলার আয়োজক মো. এমরান বলেন, আমি মেলার জন্য ডিসি অফিস বরাবর আবেদন করেছিলাম। ডিসি অফিস থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের রিপোর্ট চাইলে তারা মেলার পক্ষে পজিটিভ রিপোর্ট দেন।
মেলার অনুমোদন পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে ডিসি অফিস বরাবর করা আবেদনের রিসিভ কপি দেখান শুধু; অনুমোদনের কোনো কাগজ-পত্র দেখাতে পারেননি।
পুলিশকে ম্যানেজ করে অনুমোদনহীন মেলা চলার বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি অস্বীকার করে কল কেটে দেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, উপজেলা প্রশাসন মেলার কোনো অনুমোদন দেয়নি; ডিসি অফিস থেকে কোনো অনুমোদন আছে কিনা খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি।
সময়ের আলো/জোই