প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:২৭ এএম
ঢাকার বাতাসের মানও অস্বাস্থ্যকর। ছবি : সংগৃহীতবায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ঢাকার বাতাসের মানও অস্বাস্থ্যকর। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৭। একই সময়ে ২৪১ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লাহোর।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, শহরটির একিউআই স্কোর ১৮৪। তৃতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ১৭১। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৬৯।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
বায়ুদূষণ সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ। দূষিত বাতাসের কারণে শ্বাসযন্ত্রের সংক্রমণ, হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে।
পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের মার্চের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।
সময়ের আলো/এমকে