আল্লাহর কাছে খাবারের আকুতি জানানো সেই সাজু শেখের স্ত্রী আর নেই

শেরপুর সংবাদদাতা

সারাদেশ

‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’—অসুস্থ জীবনসঙ্গীর জন্য খাবারের আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন ৮০

2026-10-19T10:33:06+00:00
2026-10-19T10:33:06+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
আল্লাহর কাছে খাবারের আকুতি জানানো সেই সাজু শেখের স্ত্রী আর নেই
শেরপুর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ এএম 
সাজু শেখ ও তার স্ত্রী নূরজাহান বেগম। ছবি : সংগৃহীত
‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’—অসুস্থ জীবনসঙ্গীর জন্য খাবারের আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন ৮০ বছর বয়সী সাজু শেখ। তার অসহায়ত্বের দৃশ্য কাঁদিয়েছিল অসংখ্য মানুষকে। তবে দীর্ঘদিন শয্যাশায়ী থাকা স্ত্রীকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। মারা গেছেন সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫)।

রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন নূরজাহান বেগম। ওই দিন বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নূরজাহান বেগমের মৃত্যুতে ছয় দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসান হলো। একসময় অসুস্থ স্ত্রীকে নিয়ে দুমুঠো খাবারের জন্য মানুষের কাছে হাত পাতা সাজু শেখ এখন জীবনসঙ্গীকে হারিয়ে আরও অসহায় হয়ে পড়েছেন।


নূরজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে ছিলেন নূরজাহান বেগম। রোববার দুপুরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকে তিনি চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। অভাবের সংসারে তার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেওয়ার সামর্থ্য ছিল না পরিবারের। অসুস্থ স্ত্রীর সেবা-যত্ন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই তাদের হিমশিম খেতে হতো।

প্রায় ৬৫ বছরের দাম্পত্য জীবনে সাজু শেখ ও নূরজাহান বেগমের ঘরে জন্ম নেন তিন মেয়ে ও তিন ছেলে। তিন মেয়েরই বিয়ে হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মেয়েদের কেউ কেউ মাঝেমধ্যে বাবার খোঁজখবর নেন। তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝেমধ্যে খোঁজ নেন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে এক-দুবার বাড়িতে আসেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের সেই দৃশ্য ছুঁয়ে যায় দেশজুড়ে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও।

তবে সহায়তা পাওয়ার পরও বার্ধক্য, দারিদ্র্য ও অসুস্থতার সঙ্গে তাদের লড়াই থামেনি। শেষ পর্যন্ত স্ত্রীকে হারিয়ে সেই দীর্ঘ সংগ্রামে একা হয়ে গেলেন সাজু শেখ।

সময়ের আলো/জোই
  বিষয়:   আল্লাহ  খাবার  আকুতি জানানো  সাজু শেখ  স্ত্রী  আর নেই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: