প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৪:১৫ পিএম
হুমায়ুন কবির। ফাইল ছবি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা দুঃখজনক আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘এটা অবশ্যই তথ্যের ঘাটতি এবং এই প্রক্রিয়ায় কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে। এটা খতিয়ে দেখার জন্য আমরা দুই পক্ষ কথাবার্তা বলছি।’
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ভালো এবং গভীর সম্পর্ক। বাংলাদেশ ও সৌদি আরব জেনেভা কনভেশনে স্বাক্ষরকারী দেশ। যে ঘটনা ঘটেছে, এখানে তথ্য বিনিময়ের ঘাটতি রয়েছে। ঘাটতিটা কিসের জন্য হয়েছে, তা খতিয়ে দেখার জন্য আমরা একটা ব্যাখ্যা চেয়েছি। এখানে অবশ্যই তথ্যের ও প্রক্রিয়ায় কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে। আমরা এটা খতিয়ে দেখার জন্য দুই পক্ষ কথাবার্তা বলছি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা অবশ্যই দুঃখজনক, অ্যালিগেশন এনে বা ক্রাইম অফেন্স এনে এক্সিকিউশনটা হলো, সেটা আমাদের জন্য হতাশার। কারণ, আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য মানুষের পবিত্রই হয়। যেটা আমরা শুনলাম এটা যদি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এটা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির ক্ষতিপূরণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘রায় কার্যকর হয়ে গেছে। হয়ে গেলে এটার আর সুযোগ থাকে না। এখন আমরা দেখব, ঘাটতিটা কোথায়।’
তিনি বলেন, ‘আমরা যদি সৌদি আরবে কোনো ক্রিমিনালকে ধরি, এখানে অবশ্যই তাদের জানাব। কনস্যুলার সার্ভিসেস সুযোগ পেতে পারে।’
তিনি আরও বলেন, ‘পবিত্র জায়গা, আল্লাহর বাড়ি মানুষ পবিত্র নিয়তে যায়। ওখানে গিয়ে ওই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া তো ঠিক না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। সুতরাং এখানে পরিষ্কার যদি ক্রাইম হয়ে থাকে, এটার একটা আইন রয়েছে। তাদের লোকাল আইন রয়েছে, যে যায় সৌদি আরবে সে তো জানে।’
সময়ের আলো/মহু