প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম
ছবি : সংগৃহীত কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ জেলা সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপাতত মরদেহগুলোর ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর আবেদনগুলো বিবেচনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, সোমবার দুপুর পর্যন্ত পাঁচটি মরদেহের ময়নাতদন্ত না করার আবেদন পেয়েছেন তাঁরা। এ ছাড়া আরও কয়েকটি আবেদন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে বলেও খবর পেয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই কোন মরদেহ কার। যারা আবেদন করছেন, তাদের স্বজনদের মরদেহ হিসেবে সেগুলোর পরিচয় নিশ্চিত হওয়া জরুরি। তাই ডিএনএ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনো আবেদন বিবেচনায় নেওয়া হবে না। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে এ সময় ময়নাতদন্ত করা হচ্ছে না।’
জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে জানিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সুবক্তগীন মাহমুদ সোহেল বলেন, রোববার বিকেলে মরদেহগুলো থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করে মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। তবে সেগুলোর ময়নাতদন্ত করা হয়নি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) ভোরে উখিয়া উপজেলার ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছেন বলে তালিকা করা হয়েছিল। রোববার (১৮ অক্টোবর) বিকেল পর্যন্ত তাঁদের মধ্যে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
এদিকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সূত্রধর বাদী হয়ে মামলাটি করেন। এতে রিসোর্টের এক মালিক ও ব্যবস্থাপকসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এটি সরাসরি হত্যা মামলা নয়। অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলাটি করা হয়েছে। ফলে ময়নাতদন্ত না হলে এ মামলায় বড় ধরনের আইনি জটিলতা তৈরি হবে না বলে মনে করছেন তাঁরা।
তিনি আরও জানান, এ ধারায় অপরাধ প্রমাণিত হলে কমপক্ষে ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
সময়ের আলো/এসএকে