রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি ব্যক্তিবর্গের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাসহ বিশিষ্ট আলেম ও ইসলামি ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদল।

2026-10-19T21:49:57+00:00
2026-10-19T21:49:57+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি ব্যক্তিবর্গের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ পিএম 
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলেম ও ইসলামি ব্যক্তিদের একটি প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাসহ বিশিষ্ট আলেম ও ইসলামি ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদল। রোববার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনামলে আলেম-ওলামাদের ওপর নির্যাতন ও কারাগারে তাদের দুঃসহ বন্দিজীবনের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ আমাদের দেশ গড়ার যে সুযোগ দিয়েছেন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে পারি।’

রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিবাদী দুঃশাসন যেন আর কখনো দেশে ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামি পণ্ডিত ও আলেম-ওলামাদের সম্মান করতেন। ইসলামের প্রতি মমত্ববোধ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেন। এ ছাড়া আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অন্তর্ভুক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, তিনি এখন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি। তবে ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর ওপর আঘাত আসে, এমন কোনো কাজ যাতে কেউ না করেন, সে বিষয়ে তিনি লক্ষ্য রাখবেন।


সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা মধ্যপ্রাচ্যের ধনী ও উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং অনুদান সহায়তা আনার উদ্যোগে তাঁদের আরবি ভাষায় দক্ষতা ও ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগানোর বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

জবাবে রাষ্ট্রপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন। এ বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এ ছাড়া প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা এবং ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শনের আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদ্রাসা দুটি সফর এবং হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাষ্ট্রপতি  ইসলামি ব্যক্তিবর্গ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: