একই দিন, ১২ বছরের ব্যবধান—বড়াইগ্রামে আবারও মৃত্যুর মিছিল

নাটোর সংবাদদাতা

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে ১২ বছর আগে একই দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৫ জন। সেই ঘটনার ১২ বছর পর ২০ অক্টোবর

2026-10-20T11:25:49+00:00
2026-10-20T11:25:49+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
একই দিন, ১২ বছরের ব্যবধান—বড়াইগ্রামে আবারও মৃত্যুর মিছিল
নাটোর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২৫ এএম 
নাটোর-পাবনা মহাসড়কের দুর্ঘটনার চিত্র। ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রামে ১২ বছর আগে একই দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৫ জন। সেই ঘটনার ১২ বছর পর ২০ অক্টোবর আবারও বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের। মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। একই দিনে একই উপজেলায় দুই যুগান্তকারী প্রাণঘাতী দুর্ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাস ও ট্রাকের চালকও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নয়জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে আরও পাঁচজন মারা যান।


দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হায়াতসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ১২ বছর আগেও একই দিনে প্রাণ হারান ৩৫ জন

২০১৪ সালের ২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন ৪০ জনের বেশি যাত্রী। দিনটি ছিল সোমবার।

সেদিন বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের বাস দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

একই তারিখে ১২ বছরের ব্যবধানে বড়াইগ্রামে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটায় জেলাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বড়াইগ্রাম  নাটোর  মৃত্যুর মিছিল  সড়কদুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: