প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:২৬ পিএম
সংগৃহীত ছবিঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক জামাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাই এর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম আটক করে পুলিশে খবর দেন।
মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শ্বশুরকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই