শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় দুই বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী জাকার্তা।মঙ্গলবার (২০ অক্টোবর) বিক্ষোভ মোকাবিলায় রাজধানীতে ৯

2026-10-20T16:41:36+00:00
2026-10-20T16:41:36+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম 
ইন্দোনেশিয়ার জাকার্তায় সরকারি নীতির প্রতিবাদ এবং দুর্নীতির জন্য আরও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। ছবি : রয়টার্স
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় দুই বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী জাকার্তা। 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিক্ষোভ মোকাবিলায় রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশসহ বিভিন্ন বাহিনীর ৯ হাজার ৫০৫ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।   

জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমানতো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের আয়োজন করেছেন। এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক দাবানল ও শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করছেন। তাদের মতে, শেয়ারবাজারের পতন ও দেশটির মুদ্রা রুপিয়ার দুর্বল হয়ে পড়া জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে ব্যানার টাঙিয়েছে। এতে লেখা ছিল, জলবায়ু সংকট মোকাবেলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান। 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সালের ২০ অক্টোবর শপথ নেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেও তার উচ্চাভিলাষী জনতুষ্টিবাদী কর্মসূচির অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি। 


সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জনমত জরিপ অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকে প্রাবোওর প্রতি জনসমর্থন ধারাবাহিকভাবে কমেছে। চলতি মাসে তার প্রতি সমর্থন নেমে এসেছে ৪৪ দশমিক ৫ শতাংশে, যা সর্বনিম্ন। গত বছরের নভেম্বরে তার প্রতি সমর্থন ছিল ৮১ দশমিক ২ শতাংশ। 

ইন্দোনেশিয়ায় সর্বশেষ বড় ধরনের বিক্ষোভ হয়েছিল গত আগস্টে। ওই সময় শত শত মানুষকে আটক করা হয়। এর আগে ২০২৫ সালে এক মোটরসাইকেল ট্যাক্সিচালককে পুলিশ হত্যার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভে সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন।


সময়ের আলো/ইউএমএইচ 


  বিষয়:   ইন্দোনেশিয়া  পুলিশ  মোতায়েন  শিক্ষার্থী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: