প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম
ছবি : সংগৃহীতসরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা জাতীয় পতাকা ব্যবহারের যোগ্য না হয়েও অফিসকক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে জাতীয় পতাকার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অধীন দফতর এবং সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য না হয়েও অফিসকক্ষে চেয়ার কিংবা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শনের বিধান রয়েছে। তবে কিছু অফিসে সার্বক্ষণিকভাবে জাতীয় পতাকা ঝুলিয়ে রাখা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া জাতীয় পতাকার নির্ধারিত আকার, অনুপাত ও রঙ ঠিক না রেখে অফিসকক্ষের অভ্যন্তরে সাজসজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবেও পতাকা ব্যবহার করা হচ্ছে। চিঠিতে এসব কর্মকাণ্ডকে ‘বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-এর সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অধীন দফতর এবং সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।
সময়ের আলো/এসএকে