প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:০২ পিএম
টঙ্গীতে শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমি। ছবি : সংগৃহীতগাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদরাসাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির পরিবারের কাছে অভিযোগের কথা স্বীকার করার পর ওই শিক্ষককে থাপ্পড় দেন শাহজালাল রুমি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে হুমকি দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে দেওয়া পোস্টে শাহজালাল রুমি লেখেন, ‘ভয় আমার অভিধানে নেই! আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না। মনে রেখো, আমি বাংলাদেশ।’
এর আগে গত বুধবার (২১ অক্টোবর) টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মুসলেউদ্দিন ওই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে সে ভয়ে মাদরাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে কিছু বলতে সাহস পায়নি শিশুটি। অভিযোগ, বিষয়টি প্রকাশ করলে তাকে মারধরের হুমকি দিয়েছিলেন ওই শিক্ষক। পরে মা-বাবার বারবার জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে।
বিষয়টি জানার পর বুধবার দুপুরে শিশুটির পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এ সময় ক্ষুব্ধ হয়ে শিক্ষককে থাপ্পড় মারেন শাহজালাল রুমি। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদরাসাটিতে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেওয়া হয়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে মুসলেউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই