তিনদিন পর ঘাঘটে নিখোঁজ প্রকৌশলীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর প্রকৌশলী নাজমুল হুদা নিয়নের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার

2026-10-24T18:31:36+00:00
2026-10-24T18:31:36+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
তিনদিন পর ঘাঘটে নিখোঁজ প্রকৌশলীর মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৩১ পিএম 
ব্রিজবাজার এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। ছবি : সময়ের আলো
গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর প্রকৌশলী নাজমুল হুদা নিয়নের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপের খেয়াঘাট ও ব্রিজবাজার এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন নিয়ন। ছুটির আমেজে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নদীতে গোসলে নামাই তার জন্য কাল হলো। এই মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নাজমুল হুদা নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। গত বুধবার তিনি বড়ো ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। পরদিন বৃহস্পতিবার দুপুরে সেখান থেকেই শ্যালক স্বজল, ভাতিজা ও দুই কন্যাসন্তানসহ মোট চারজন কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। স্বজনদের ভাষ্যমতে, তখন বেলা সাড়ে ১২টার মতো।

গোসলের একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে চলে আসেন। কিন্তু নিয়ন আর ফিরে আসেননি। তীরে উঠে তাকে না দেখে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি।

খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ ব্যক্তিকে না পেয়ে পরে রংপুর থেকে ডুবুরি দল পাঠানোর অনুরোধ জানানো হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দিলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

শুক্রবার সারাদিনও অভিযান চালিয়ে কোনো সুরাহা হয়নি। শনিবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে বিকেল ৩টার দিকে ডুবুরিরা নদী থেকে নিয়নের নিথর দেহ উদ্ধার করেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার নাজমুল হুদা নিয়ন নামে যুবক নদীতে নিখোঁজ হন। ঘটনার তিনদিন পর শনিবার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ঘাঘট  নিখোঁজ প্রকৌশলী  মরদেহ উদ্ধার  নাজমুল হুদা নিয়ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: