প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম
সংগৃহীত ছবিসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা নিরসনের পথ খুলেছে। জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে করা মামলায় রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে আপিল বিভাগের ২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ২ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।
রায় প্রকাশের পর সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এ রায় গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর হওয়ায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথে দীর্ঘদিনের আইনি জটিলতা দূর হয়েছে বলে জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালে জাতীয়করণ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক হাইকোর্টে রিট করেন। তাদের দাবি ছিল, জাতীয়করণের আগে বেসরকারি বিদ্যালয়ে চাকরির মেয়াদের ৫০ শতাংশ হিসাব করে জ্যেষ্ঠতার তালিকা তৈরি করতে হবে।
এ ছাড়া প্রধান শিক্ষক হিসেবে বেতন স্কেল, আর্থিক সুবিধা এবং অন্যান্য প্রশাসনিক সুযোগ-সুবিধা দেওয়ার দাবিও জানান তারা। এসব বিষয় নিয়ে সৃষ্ট আইনি বিরোধের পরিপ্রেক্ষিতে মামলাটি উচ্চ আদালতে গড়ায়।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে এ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে নতুন অগ্রগতি হয়েছে। তবে নিয়োগের পরবর্তী পদক্ষেপ ও সময়সূচি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
সময়ের আলো/এসকে/টিকে