ক্রসফায়ার প্রসঙ্গে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইন প্রয়োগে কঠোরতা বোঝাতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তবে এ শব্দ দিয়ে

2026-10-26T20:29:50+00:00
2026-10-26T21:19:48+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয়
ক্রসফায়ার প্রসঙ্গে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৯:১৯ পিএম
ক্রসফায়ার প্রসঙ্গে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দফতর
আইন প্রয়োগে কঠোরতা বোঝাতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তবে এ শব্দ দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার কথা বোঝানো হয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পাঠানো এক বার্তায় এ অবস্থান তুলে ধরে পুলিশ সদর দফতর।

বার্তায় বলা হয়, রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির দেওয়া বক্তব্যের একটি অংশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও শিরোনাম পুলিশ সদর দফতরের নজরে এসেছে। ওই বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়েছিল।

এর আগে সোমবার সকালে ওই অনুষ্ঠানে আইজিপি বলেছিলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’

একই বক্তব্যে তিনি আরও বলেন, কে আসবে, আপা কবে আসবে কিংবা কী হবে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় নয়। আইন ও সংবিধান অনুযায়ী যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, পুলিশ সেটিই করবে।

পুলিশ সদর দফতরের ব্যাখ্যায় বলা হয়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আইজিপি পুলিশের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন। তবে তার বক্তব্যের উদ্দেশ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার পক্ষে অবস্থান নেওয়া ছিল না।


পুলিশ সদর দফতর জানিয়েছে, রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে অপরাধ দমন, অপরাধী গ্রেফতার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব।

দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের কখনো অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারীদের সরাসরি আক্রমণের মুখে পড়তে হয় বলেও উল্লেখ করা হয়েছে।

সদর দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

এ ছাড়া দাফতরিক বার্তায় দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-সহ প্রচলিত আইনে পুলিশের আত্মরক্ষার অধিকারের বিষয়টি উল্লেখ করা হয়।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দফতর।

এ বিষয়ে সদর দফতরের ভাষ্য, সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করার উদ্দেশ্য আইজিপির ছিল না। অসাবধানতাবশত তার বক্তব্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।

বার্তার শেষে পুলিশ সদর দফতর জানায়, মানবাধিকার সমুন্নত রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।   

সময়ের আলো/এসকে
  বিষয়:   ক্রসফায়ার  আইজিপি  ব্যাখ্যা  পুলিশ সদর দপ্তর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: