প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৮:২১ পিএম
নাটোরে ভবানীগঞ্জ মোড়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জনসভায় অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সময়ের আলো ভারতে বসে দেশবিরোধী চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, দেশবিরোধী এই চক্রান্ত জাতীয়তাবাদী যুবদলকে রুখে দিতে হবে। রুখে দিতে নাটোরের যুবদল রাজপথে থাকবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জনসভায় তিনি এসব কথা বলেন।
যুবদলের নেতাকর্মীর উদ্দেশ্যে দুলু বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ২০ বছর সংগ্রাম লড়াই করেছে। গণতন্ত্রের জন্য শত শত মানুষ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। তাদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রী হয়েছেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট, এই ২৪ জুলাইয়ের শহীদের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন বিপন্ন না হয়। আগামী পার্লামেন্ট নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যারা ক্ষমতায় আসুক তাদের আমরা স্যালুট করব। কিন্তু চক্রান্ত করে বাংলাদেশের মাটিতে আর কোনো লাভ হবে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ বিএনপির নেতৃবৃন্দ।
সময়ের আলো/এনএন