প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ৭:০৪ পিএম
পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম । ছবি : সংগৃহীত শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্ট অস্তিত্বও বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।
শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের গুঞ্জনকে তারা পাত্তা দিচ্ছেন না। শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন, সেদিন আওয়ামী লীগের রাজনীতির যে সামান্য অস্তিত্ব অবশিষ্ট রয়েছে, সেটুকুও থাকবে না।’
এ সময় জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর দলটির বিষয়ে কিছুদিন আলোচনা থাকলেও এবারের নির্বাচনে এসে তাদের রাজনৈতিক অস্তিত্বের কবর রচিত হয়েছে।’
গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষোভের কথা তুলে ধরে সারজিস বলেন, ‘যারা আন্দোলনে হাত-পা হারিয়েছেন কিংবা স্বজন হারিয়েছেন, তাদের ক্ষোভের গভীরতা সরাসরি কথা না বললে বোঝা সম্ভব নয়।’ দেশের কোথাও স্বৈরাচার বা গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপস্থিতি দেখা গেলে সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট গণভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তাদের অস্তিত্ব পাওয়া গেলেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’
অন্যদিকে, জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক ও নির্বাচনী সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে বিরোধীদলীয় জোট হিসেবে দল দুটি একসঙ্গে কাজ করছে।’
তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে প্রতিটি দল নিজস্বভাবে এবং একক প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে দলীয় সিদ্ধান্ত রয়েছে।’
সময়ের আলো/এসকে