কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম । ছবি : সংগৃহীত গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতকে বাংলাদেশে করিডোর ও ট্রানজিট সুবিধা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সম্মেলন-২০২৬ -এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘বাংলাদেশে যদি পানি না আসে, তাহলে কোনো করিডোর হবে না, কোনো ট্রানজিট হবে না। ভারতীয় কোনো চ্যানেলও বাংলাদেশে চলবে না।’
এ সময় ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘মাওলানা ভাসানীর ইতিহাস স্মরণ করতে চাই। তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। ইনশাআল্লাহ, এ রকম পরিস্থিতি তৈরি হলে আমরাও আবার লংমার্চের জন্য প্রস্তুত আছি।’
সরকারের ঋণ ও বিদেশি বিনিয়োগের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকার এখন ঋণের জন্য বিভিন্ন দুয়ারে ঘুরছে। কিন্তু কেউ এই সরকারকে বিশ্বাস করছে না, ঋণও দিচ্ছে না। জাপান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং অতীতেও দেশটি বাংলাদেশে বিনিয়োগ করেছে। তবে মাতারবাড়ী প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে সরকার কী ধরনের চুক্তি করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।’
তিনি বলেন, ‘কোনো ধরনের ধোঁয়াশা রেখে সংসদে আলোচনা ছাড়া জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কোনো চুক্তি পাস করতে দেওয়া হবে না। এসব চুক্তির মাধ্যমে ভারতকে অবৈধ করিডোর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে।’
সংবিধান সংস্কার নিয়েও সরকারের অবস্থানের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মতামত চেয়েছেন। তার কাছে মতামত দেওয়ার কিছু নেই। বিরোধী দলকে আলোচনায় অংশ নিতে বলা হচ্ছে, অথচ নির্বাচনের আগেই এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে। নতুন করে আলোচনার কিছু নেই।’
নাহিদ ইসলাম বলেন, ‘এখন বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে। এর ব্যত্যয় জনগণ, বিরোধী দল, তরুণ প্রজন্ম ও শ্রমিকেরা মেনে নেবে না।’
শ্রমিকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিকেরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ালেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ বৈষম্য মেনে নেওয়া যায় না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
সময়ের আলো/এসকে