প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:২২ পিএম
গ্রাফিক : সময়ের আলো দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৪৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনায় ২৩৫ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে ২১৯ জন করে, রংপুরে ৬৫ জন, ময়মনসিংহে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন।
গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সে বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।
সময়ের আলো/এসকে