আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে, মির্জা আজমের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ সাতজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা

2026-11-05T13:53:31+00:00
2026-11-05T13:53:31+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
আইন-আদালত
আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে, মির্জা আজমের বিরুদ্ধে পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ সাতজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। পরে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বিষয়টি জানান।

এর আগে গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের কাছে সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাবেক শিল্পমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, সাত আসামির মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। মির্জা আজম পলাতক।

এর আগে গত ২৬ অক্টোবর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, আমুসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা পড়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে।

চিফ প্রসিকিউটর তখন বলেছিলেন, আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। তদন্তে উঠে এসেছে, জুলাই গণঅভ্যুত্থান দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তারা যুক্ত ছিলেন এবং এ-সংক্রান্ত বৈঠকেও অংশ নিয়েছিলেন।


রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্দোলন দমনকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেছিল। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নেতারা আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং তা ব্যবহার করে হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনায় যুক্ত ছিলেন। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে থাকা এসব নেতা পরিকল্পনা, উসকানি, সহযোগিতা ও নির্দেশনার মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে শেখ হাসিনা ও অভিযুক্ত ব্যক্তিদের কথোপকথনের রেকর্ড এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনের তথ্য-উপাত্তও প্রমাণ হিসেবে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের দাবি, আন্দোলন দমনের নামে সংঘটিত হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং তা পরিকল্পিত ও পদ্ধতিগত কর্মকাণ্ডের অংশ।

এদিকে ডা. দীপু মনি ও ড. আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলারও আসামি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আমির হোসেন আমু  অভিযোগ  মির্জা আজম  গ্রেফতারি পরোয়ানা 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: