ডিসেম্বরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাবে : শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মালয়েশিয়ায় আগামী ডিসেম্বরেই বাংলাদেশ থেকে কর্মী যাবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কর্মী

2026-11-05T21:43:52+00:00
2026-11-05T21:43:52+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
ডিসেম্বরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাবে : শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম 
প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী । ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় আগামী ডিসেম্বরেই বাংলাদেশ থেকে কর্মী যাবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ হিসেবে বিনা খরচে কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট চালুর প্রত্যাশা করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রত্যাশার কথা জানান তিনি।

সভায় মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দুই থেকে তিনটি ফ্লাইটের মাধ্যমে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। নতুন এই ব্যবস্থায় বিদেশে কর্মসংস্থানের জন্য কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেয়া হবে না। কর্মী পাঠানোর যাবতীয় ব্যয় বহন করবেন বিদেশি নিয়োগকর্তা অথবা তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান।

তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসেই বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রমের সূচনা করতে চান তারা। প্রথম পর্যায়ে দুই থেকে তিনটি ফ্লাইট চালুর মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে শুধু প্রাথমিক ফ্লাইটেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও মালয়েশিয়ায় কর্মী পাঠানো অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘দেশটিতে যেতে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী দু-এক দিনের মধ্যেই ২২টি মেডিকেলের নাম প্রকাশ করা হবে। তবে পরীক্ষার ফি ৮ হাজার টাকার বেশি নিলে সেসব মেডিকেলের লাইসেন্স বাতিল করা হবে।’

সব এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করবে উল্লেখ করে আরিফুল হক বলেন, ‘দু-চারজন অসাধু ব্যবসায়ীর কারণে সবাই বিতর্কিত হচ্ছে। তাই সাধারণ মানুষকে ঠকানো থেকে বিরত থাকতে হবে।’


এ ছাড়া, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন ও নিয়মনীতি মেনে চলার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বিদেশে বাংলাদেশি কর্মীদের ভিসা ও কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন মন্ত্রী।

মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ডিসেম্বর  বাংলাদেশ  থেকে  মালয়েশিয়া  কর্মী  যাবে  শ্রমমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: