ছবি : সংগৃহীতবিনা খরচে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি দুটি পদে এসব কর্মী নিয়োগ দেবে। উভয় পদে মাসিক মূল বেতন ৫২ হাজার টাকা।
বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে মোট ১১২ জন নেওয়া হবে।
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্যতা
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক বা সমমান পাস হতে হবে। তবে বৃত্তিমূলক বা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতার পাশাপাশি মাইক্রোসফট এক্সেলসহ মৌলিক কম্পিউটার জ্ঞান এবং গাণিতিক দক্ষতা থাকতে হবে।
এ ছাড়া কাজ তদারকি, সিদ্ধান্ত গ্রহণ, অগ্রাধিকার নির্ধারণ এবং বহুজাতিক কর্মপরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতাও থাকতে হবে। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে যোগ্যতা
এ পদে আবেদনের জন্য কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসহ ভোকেশনাল, পলিটেকনিক্যাল বা স্নাতক ডিগ্রিধারীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের ওয়্যারহাউসের নেটওয়ার্ক, ক্যাবলিং, র্যাকিং ও আইটি সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
পাশাপাশি কম্পিউটার জ্ঞান, মাইক্রোসফট এক্সেলে দক্ষতা এবং ইংরেজিতে কথা বলা ও লেখার সক্ষমতা প্রয়োজন। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পড়ে বোঝার যোগ্যতাও থাকতে হবে।
বয়স, বেতন ও অন্যান্য সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় পদের প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য নয়। কোম্পানির প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগ থাকবে।
নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে। প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দেশে বা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টার মধ্যে বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করতে হবে। আবেদন করা যাবে [এই ঠিকানায়](https://emplo-ee.oep.gov.bd/emplo-ee/registration)। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।
প্রাথমিকভাবে সফটওয়্যারের মাধ্যমে লটারিতে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। তাঁদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষা নিয়ে ১২৪ জন কর্মী নির্বাচন করবেন।
সাক্ষাৎকারে যেসব কাগজপত্র লাগবে
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সঙ্গে রাখতে হবে—
সাদা ব্যাকগ্রাউন্ডের চার কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।সব পাসপোর্টের রঙিন ফটোকপি।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ।জাতীয় পরিচয়পত্র।হালনাগাদ জীবনবৃত্তান্ত।
জীবনবৃত্তান্তে কম্পিউটার দক্ষতা, বিশেষ করে এমএস এক্সেল, গাণিতিক দক্ষতা, ড্রাইভিং লাইসেন্স এবং আগে বিদেশে কাজ বা ওয়্যারহাউসে কাজের অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করতে হবে।
আবেদনকারীদের জন্য সতর্কতা
বোয়েসেল জানিয়েছে, অনলাইনে আবেদন, সাক্ষাৎকার কিংবা চূড়ান্ত নির্বাচন—কোনোটিই চাকরির নিশ্চয়তা দেয় না। নিয়োগ ও নির্বাচন প্রক্রিয়ায় নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। নির্বাচিত কর্মীকে কোনো পর্যায়েই অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেছে সংস্থাটি।
বিস্তারিত তথ্য জানা যাবে বোয়েসেলের ওয়েবসাইট (https://www.boesl.gov.bd) থেকে।
সময়ের আলো/জেডি