‘পরিবহন খাতে আওয়ামী লীগের দখলদারত্ব-সিন্ডিকেট এখনো বন্ধ হয়নি’সড়ক পরিবহন খাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অনুসারীদের দখলদারত্ব, চাঁদাবাজি ও সিন্ডিকেট এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন পরিবহন শ্রমিক নেতারা।
তাদের দাবি, গত ১৭ বছরে পরিবহন খাতে গড়ে ওঠা অনিয়ম ও নৈরাজ্যের প্রভাব এখনো রয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, চালক ও সহকারীদের নির্ধারিত বেতন এবং প্রশিক্ষণ নিশ্চিত করার মাধ্যমে পরিবহন খাতকে মাফিয়ামুক্ত করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের আগুন-সন্ত্রাস, পরিবহন নৈরাজ্য এবং ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দীন আলম বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র ও মানুষের ব্যক্তিস্বাধীনতা হরণ করা হয়েছে। আয়নাঘর, মিথ্যা মামলা, জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও নেতাকর্মীদের হত্যাসহ বিভিন্ন অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে দেশের সম্পদ লুটপাট ও বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
নাজিম উদ্দীন আলম অভিযোগ করেন, এখনো বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালক ও সাধারণ যাত্রীদের ওপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া যাবে না। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দ্রুত বিচারও দাবি করেন তিনি।
পরিবহন খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে পরিবহন খাতকে মাফিয়ামুক্ত ও সুশৃঙ্খল করতে হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু) বলেন, গত ১৭ বছরে সড়ক পরিবহন খাতে দুর্নীতি, লুটপাট ও বিশৃঙ্খলা বেড়েছে। ফিটনেসবিহীন, ভাঙাচোরা এবং সিট ও গ্লাসবিহীন বাস চলাচল, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের ঘাটতি এবং চালক-সহকারীদের নিয়োগপত্র ও নির্ধারিত বেতন না থাকা সড়কে নৈরাজ্যের অন্যতম কারণ।
তিনি বলেন, অতীতে পরিবহন টার্মিনালগুলোতে প্রভাবশালী মহলের চাঁদাবাজি ও সিন্ডিকেট গড়ে উঠেছিল। এসব অপতৎপরতা বন্ধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
পরিবহন খাত আধুনিকায়নের প্রস্তাব তুলে ধরে মোরতাজুল করিম বলেন, চালক ও সহকারীদের নির্ধারিত বেতন, পরিচয়পত্র ও নিয়োগপত্র নিশ্চিত করতে হবে। চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং বৈধ লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কিউআর কোড প্রযুক্তি ব্যবহার করে গাড়ির ফিটনেস যাচাইয়ের ব্যবস্থা চালু করা গেলে ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শের শ্রমিক নেতাদের ঐক্যবদ্ধ রেখে পরিবহন খাতের অনিয়ম ও নৈরাজ্য দূর করতে হবে। এ জন্য শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সময়ের আলো/ইউএমএইচ