অনুমোদিত নকশার বাইরে নির্মিত ভবনগুলোকে নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে বৈধতার সুযোগ দিতে যাচ্ছে রাজউক। সংগৃহীত ছবি রাজধানীতে অনুমোদনহীন কিংবা অনুমোদিত নকশার বাইরে নির্মিত ভবনগুলোকে নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে বৈধতার সুযোগ দিতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ লক্ষ্যে একটি বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে সংস্থাটি। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ২০২৫ সালের আগে নির্মিত ভবনগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা পরীক্ষা, প্রয়োজনীয় সংস্কার এবং জরিমানা আদায়ের মাধ্যমে বৈধতার আওতায় আনা হবে।
তবে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) লঙ্ঘন করে নির্মিত ভবন কিংবা জলাশয়, জলাধার, উন্মুক্ত স্থান ও রাস্তা দখল করে গড়ে ওঠা স্থাপনা এ সুবিধা পাবে না। নগর পরিকল্পনাবিদদের মতে, এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বিশেষ গোষ্ঠীকে যেন অন্যায় সুবিধা দেওয়া না হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধ ভবন নির্মাণে জড়িত রাজউকের কর্মকর্তা-কর্মচারী এবং বিধিবহির্ভূতভাবে বিভিন্ন সেবা সংযোগ দেয়ার সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহি ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
রাজউক সূত্রে জানা গেছে, এ বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। সংস্থাটির সর্বশেষ বোর্ড সভায়ও প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এক গণমাধ্যমকে বলেন, যেসব ভবন নির্মাণে আইন ও বিধিমালার ব্যত্যয় ঘটেছে এবং যেগুলোর অকুপেন্সি সার্টিফিকেট নেই, সেগুলো নির্ধারিত শর্ত পূরণ করলে বৈধতা দেওয়া হবে। পাশাপাশি ভবনগুলোকে ব্যবহার বা বসবাস সনদের আওতায় আনা হবে।
রাজউকের ২০২২ সালে গেজেটভুক্ত ড্যাপের জরিপ অনুযায়ী, সংস্থাটির আওতাধীন এলাকায় মোট ভবনের সংখ্যা প্রায় ২১ লাখ ৪৫ হাজার। এর মধ্যে একতলা থেকে বহুতল ভবন রয়েছে ৫ লাখ ১৭ হাজার। এসব ভবনের মধ্যে মাত্র দুই লাখের নির্মাণ অনুমোদন রয়েছে। বাকি প্রায় ৩ লাখ ১৭ হাজার ভবন নির্মিত হয়েছে অনুমোদন ছাড়াই। এ ছাড়া ১৬ লাখের বেশি সেমি-পাকা ভবনও অনুমোদনহীন।
রাজউকের আওতাধীন মোট এলাকার আয়তন প্রায় ১ হাজার ২০০ বর্গকিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩০৫ বর্গকিলোমিটার ছাড়াও রয়েছে সাভার ও কেরানীগঞ্জ উপজেলা এবং নারায়ণগঞ্জ, ভুলতা ও গাউছিয়া এলাকা।
রাজউক সূত্রের তথ্যমতে, রাজধানীর ডেমরা, বছিলা, ঢাকা উদ্যান, কামরাঙ্গীরচর, সারুলিয়া, নাসিরাবাদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান, হরিরামপুর, ভাটারা, বাড্ডা ও পুরান ঢাকায় উল্লেখযোগ্যসংখ্যক অনুমোদনহীন ভবন রয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে সাভার, কেরানীগঞ্জ, ভুলতা, গাউছিয়া ও নারায়ণগঞ্জেও অবৈধভাবে অসংখ্য ভবন নির্মিত হয়েছে। বিশেষ করে কেরানীগঞ্জে রাজউকের অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের নামে প্রায় অর্ধশত আবাসিক এলাকা গড়ে উঠেছে।
ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, কোনো ভবনে বসবাস কিংবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে রাজউকের কাছ থেকে অকুপেন্সি সার্টিফিকেট বা ব্যবহার সনদ গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু রাজউক সূত্র বলছে, ২০০৮ সালে এ বিধান কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ শতাংশ ভবনও এ সনদ সংগ্রহ করেনি।
রাজউকের একাধিক সূত্রের দাবি, সংস্থাটির আওতাধীন অধিকাংশ ভবনেরই অকুপেন্সি সার্টিফিকেট নেই। নির্মাণসংক্রান্ত বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করায় ভবনমালিকেরা এ সনদ নেননি। ফলে আইন অনুযায়ী এসব ভবন অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে। অথচ নিয়ম অনুসারে সনদবিহীন ভবনে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ দেওয়ার কথা নয়। বাস্তবে এসব ভবনে নিয়মিতভাবে সেবা সংযোগ চালু রয়েছে।
এ অবস্থায় অনুমোদনহীন ভবনগুলোর নির্মাণ, ব্যবহার এবং বিভিন্ন সেবা সংযোগের বিষয়টি কীভাবে আইনি কাঠামোর মধ্যে আনা যায়, তা নিয়ে উদ্যোগ নেয় সরকার। প্রথমে এ বিষয়ে একটি নীতিমালা তৈরির পরিকল্পনা করা হলেও পরবর্তী সময়ে অবৈধ ভবনগুলোর ওপর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পৃথক বিধিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজউক সূত্র জানায়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ অনুযায়ী, নির্মাণবিধির ব্যত্যয় ঘটিয়ে তৈরি ভবন সংস্কার অথবা প্রয়োজনে সম্পূর্ণ ভেঙে ফেলার বিষয়ে সরকার পৃথক বিধিমালা প্রণয়ন করতে পারে। আইনের এ ক্ষমতাকে ভিত্তি করেই নতুন বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বিধিমালায় ২০২৫ সালকে ভিত্তিবছর হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এ বছরের আগে নির্মিত ভবনগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে যাচাই করা হবে।
প্রথম শ্রেণিতে থাকবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ অনুসরণ করে নির্মিত, কিন্তু রাজউকের কাছ থেকে নকশার অনুমোদন নেওয়া হয়নি— এমন ভবন। দ্বিতীয় শ্রেণিতে রাখা হবে সেসব ভবন, যেগুলোর নকশা অনুমোদিত হলেও নির্মাণের সময় বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। আর তৃতীয় শ্রেণিতে থাকবে এমন ভবন, যেগুলো নির্মাণে বিধিমালা অনুসরণ করা হয়নি এবং রাজউকের নকশা অনুমোদনও নেওয়া হয়নি।
রাজউক সূত্র বলছে, প্রথম শ্রেণির ভবনগুলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে নির্মিত হওয়ায় তুলনামূলক সহজ প্রক্রিয়ায় অকুপেন্সি সার্টিফিকেট পাওয়ার সুযোগ পাবে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভবনের ক্ষেত্রে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করা হবে।
কোনো ভবনে বিল্ডিং কোডের ব্যত্যয় গুরুতর না হলে বেশি পরিমাণ জরিমানা আদায়ের মাধ্যমে সেটিকে বৈধতার সুযোগ দেওয়া হতে পারে। উদাহরণ হিসেবে রাজউক সূত্র জানিয়েছে, কোনো ভবনের ছয়তলা নির্মাণের অনুমোদন থাকলেও সেখানে সাততলা করা হলে নির্ধারিত জরিমানা দিয়ে অতিরিক্ত তলাটি বৈধ করার সুযোগ মিলতে পারে।
তবে ভবনের চারপাশে বাধ্যতামূলক ফাঁকা জায়গা বা সেটব্যাক না রাখা হলে কিংবা ভবনটি অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকিতে থাকলে সেটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিকল্প হিসেবে এমন উচ্চ অঙ্কের জরিমানা নির্ধারণ করা হতে পারে, যাতে ভবনমালিকের কাছে স্থাপনাটি ভেঙে ফেলাই তুলনামূলক লাভজনক মনে হয়। এ ধরনের ভবনের নিরাপত্তা ও কাঠামোগত অবস্থা যাচাইয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে পূর্ণাঙ্গ মূল্যায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।
এদিকে রাজউক স্পষ্ট করেছে, ড্যাপের সঙ্গে সাংঘর্ষিক কোনো ভবনকে বৈধতা দেওয়া হবে না। একইভাবে ড্যাপে নির্ধারিত জলাশয়, জলাধার, উন্মুক্ত স্থান কিংবা রাস্তা দখল করে নির্মিত স্থাপনাও এ প্রক্রিয়ার বাইরে থাকবে।
এ উদ্যোগের বিষয়ে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার অবৈধ ভবনগুলোকে বৈধতার সুযোগ দিতে বিধিমালা তৈরি করা হচ্ছে। তবে এ প্রক্রিয়ায় কোনো বিশেষ গোষ্ঠী যেন অন্যায্য সুবিধা না পায়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। সরকারি ও বেসরকারি— সব ধরনের ভবনের ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, ঢাকায় বিপুলসংখ্যক অবৈধ ভবন গড়ে ওঠার পেছনে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। কোন অথরাইজড অফিসারের দায়িত্বে অবহেলা কিংবা কোন পরিদর্শকের সঙ্গে সমঝোতার কারণে এসব ভবন নির্মিত হয়েছে, তা তদন্ত করতে হবে।
এ ছাড়া অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই ভবনগুলোতে বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ও নির্ধারণ করতে হবে বলে মনে করেন তিনি। তার মতে, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নতুন বিধিমালায় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আরও বাড়তে পারে।
সময়ের আলো/ইউএমএইচ