সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সংসদ প্রতিবেদক

জাতীয়

সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

2026-11-12T02:25:30+00:00
2026-11-12T02:26:29+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২৫ এএম  আপডেট: ১২.১১.২০২৬ ২:২৬ এএম
একপর্যায়ে বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও চিৎকারে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ছবি : সংগৃহীত
সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের এক সংসদ সদস্যের অভিযোগের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও চিৎকারে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে আরও প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

সংসদে প্রশ্নের জবাব দেওয়ার সময় মন্ত্রীর বক্তব্যের মধ্যে হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বৈঠকের সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ ভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, তার উত্তর শোনেন। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

অন্যদিকে সংসদে দেওয়া তথ্যে গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত এবং ৪৯০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া ব্যাপক দুর্নীতির অভিযোগে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের প্রথম পর্যায়ের কার্যক্রম স্থগিত করে আগামী বছর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর প্রস্তুতির তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বুধবার প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য ও বক্তব্য উঠে আসে।

সারের ডিলার নিয়োগ নিয়ে সম্পূরক প্রশ্নে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সারা দেশে ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতি হয়েছে।

তার দাবি, ২৮ জন ডিলারের সবাই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের মধ্যে ১০ জন দলীয় নেতার স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন। এমনকি সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগনিরাও ডিলারশিপ পেয়েছেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কেউ কেউ অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। হাসনাত বলেন, ১৫টি ইউনিয়নের জন্য হয়তো ৩০টি ডিও দেওয়া হয়েছে। ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের আমলে যারা সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরও নতুন নিয়মের মাধ্যমে আবার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এটি সুপরিকল্পিত কি না এবং ডিলার নিয়োগের তালিকা পুনরায় পর্যালোচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।


জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, সারের ডিলার নিয়োগের প্রক্রিয়াকে প্রশ্নকারী সংসদ সদস্য ‘মহোৎসব’ হিসেবে উল্লেখ করেছেন। তারা চান মানুষ উৎসবের মতো করে ডিলারশিপ গ্রহণ করুক। তবে উৎসব শব্দটি ইতিবাচক অর্থে ব্যবহার করেছেন বলে ব্যাখ্যা দেন তিনি। এ সময় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন।

তখন মন্ত্রী বলেন, আমি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে আমার অসুবিধা হয়। আমার জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে। 

ডিলার নিয়োগের প্রক্রিয়া তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)। ডিলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয় এবং আবেদনকারীদের যোগ্যতা ও শর্তাবলি নির্ধারণ করে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, আবেদনকারীরা প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। সেখান থেকে আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। উপজেলা পর্যায়ের কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থাকেন। তারা আবেদন যাচাই-বাছাই করেন। পরে জেলা পর্যায়ের কমিটি যাচাই করে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।
 
কৃষিমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে উপদেষ্টা হিসেবে রাখার সুযোগও রয়েছে।

মন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল অব্যাহত থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এভাবে হইচই করে সংসদ সদস্যদের নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানানোর প্রয়োজন নেই। মন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে বলেন তিনি।

বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামও এ সময় সংসদ সদস্যদের কথা বলার অধিকার ও জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পাহাড়ে পাঁচ বছরে নিহত ৩১৬ : প্রশ্নোত্তর পর্বে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। 

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলা হয়েছে। এ সময়ে অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ৩৭৭টি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংসে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। 

তিনি আরও বলেন, চাঁদাবাজির অর্থনৈতিক উৎস চিহ্নিত করে নজরদারি জোরদার করা হয়েছে। চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি চলছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আগামী বছর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায় : অন্যদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ করে দিতে আগামী বছর থেকে আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রথম পর্যায়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় ওই পর্যায়ের কার্যক্রম ইতিমধ্যে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বিরোধী দলের সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বিতীয় পর্যায়ে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধা নিশ্চিত করতে নিজস্ব জমি রয়েছে এমন মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে আগের পর্যায়ে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ সমস্যা এড়াতে এবার নির্ধারিত নিজস্ব জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই কাজ শুরু করা সম্ভব হবে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জরাজীর্ণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে কয়েকশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাঙচুর ও অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক কমপ্লেক্স সংস্কারে ইতিমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে পর্যায়ক্রমে সংস্কারকাজ চলছে। ফুলবাড়িয়ার কমপ্লেক্সটি দ্রুত ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি সেখানে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ ও স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   সার  ডিলার  নিয়োগ  উত্তপ্ত  সংসদ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: