সংগৃহীত ছবি দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্য দমন অভিযানে কতিপয় পুলিশ সদস্যের নিষ্ক্রিয়তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের চিহ্নিত করে কাউন্সেলিংয়ের পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে। তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনি প্রক্রিয়ায় মাঠপর্যায়ের পুলিশকে সুরক্ষা প্রদানের মাধ্যমে নীতিনির্ধারকদের সঙ্গে বিশ্বাসের সংকট দূর করার মাধ্যমেই পুলিশের কর্মস্পৃহা বৃদ্ধি করা সম্ভব।
দেশব্যাপী একদিকে চলছে পোশাকশ্রমিকদের আন্দোলন, অন্যদিকে চলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ককটেল ও অগ্নিসন্ত্রাস। অইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্তবর্তী জেলাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক পাড়ায়।
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিতে গত ৭২ ঘণ্টায় ৩৮টি বাসে অগ্নিসংযোগ করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে দেশের ৪৮টি স্থানে। এসব ঘটনায় কত পুলিশ সদস্য আহত হয়েছেন তা জানাতে পারেনি পুলিশ সদর দফতর।
তবে গত ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ পার্শ্ববর্তী জেলা ও মেট্রোপলিটন এলাকগুলোতে চলা পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে কমপক্ষে পাঁচটি ককটেল হামলা চালানো হয়। একাধিক হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে। গত সোমবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এর আগে শনিবার চট্টগ্রামের বন্দর থানায় আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। গত বৃহস্পতিবার রাজধানীতে আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে ক্যান্টনমেন্ট থানার টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এসব ঘটনায় কমপক্ষে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তবে পুলিশকে টার্গেট করে হামলার ঘটনা পুলিশের পেশাদারিত্বের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান।
তিনি বলেন, পুলিশের ওপর সবসময়ই আক্রমণ হয়েছে, এটা নতুন কিছু না। এরকম হামলা বা আক্রমণ পুলিশের পেশাদারিত্বের ওপর কোনো প্রভাব ফেলে না। পুলিশ আইন অনুযায়ী যা করার তাই করছে এবং করবে। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত একটি অপশক্তি পুলিশের ওপর আক্রমণ করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি চেষ্টার মাধ্যমে নিজেদের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। এরকম যেকোনো ধরনের দলের ক্ষেত্রেই পুলিশ আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে।
চলমান সন্ত্রাস দমনে পুলিশকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। দফায় দফায় বৈঠক হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে। এসব বৈঠকে কিছু পুলিশ সদস্যের নিষ্ক্রিয়তার বিষয়টি আলোচনায় উঠে আসে। এর এক বছর আগেও পুলিশের নিষ্ক্রিয়তার প্রসঙ্গটি জোরেশোরে আলোচিত হয় পুলিশের ভেতরেই।
২০২৫ সালের ২৮ অক্টোবর তৎকালীন আইজিপি বাহারুল আলম রাজধানীতে পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) বলেছিলেন, পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থকরা এখনও দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্য এখনও কাজে শৈথিল্য দেখাচ্ছেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, পুলিশ ও সরকারি স্থাপনায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও আলোচনায় উঠে আসে কতিপয় পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তার বিষয়টি।
গত ১১ নভেম্বর দেশের সীমান্ত জেলার সব এসপি, কমিশনার ও ডিআইজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ওই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি এ বিষয়টিও উঠে আসে।
বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলমান সন্ত্রাস ও নৈরাজ্য দমনে কিছু পুলিশ সদস্য সমানভাবে তৎপর থাকেন না এমন পর্যবেক্ষণ উঠে আসে ওই বৈঠকে। দায়িত্বে অবহেলাকারী বা নিষ্ক্রিয় সদস্যদের চিহ্নিত করে প্রথমে কাউন্সেলিংয়ের মাধ্যমে কর্মতৎপর করে তোলার কথা বলা হয়েছে। তবে কাউন্সেলিংয়ের পরও কারও কাজে গতি না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠপর্যায়ে কোনো সদস্যই দায়িত্ব এড়িয়ে বা গা বাঁচিয়ে চলতে পারবেন না। পাশাপাশি অভিযানের সময় প্রতিটি সদস্যের ভূমিকা নিবিড়ভাবে তদারকি করা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর পেশাদারিত্ব ও জনআস্থা অটুট থাকে।
তবে পুলিশ বলছে পুুলিশের সব সদস্যই এখন পুরোপুরি সক্রিয় আছে। এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে মানসিক চাপ মোকাবিলার কৌশলও জানা আছে পুলিশের।
পুলিশ সদর দফতরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা এ প্রসঙ্গে বলেন, ২-১টি ব্যতিক্রম ছাড়া পুুলিশের সব সদস্যই এখন পুরোপুরি সক্রিয়। এ ছাড়া পুলিশের মনোবল বৃদ্ধিতে ইউনিট ভিত্তিক কার্যক্রম চালু আছে। পুলিশের প্রশিক্ষণেও মানসিক চাপ মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও দায়িত্বে অবহেলার বিষয় চিহ্নিত করতে অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম সক্রিয় আছে।
তবে পুলিশ বাহিনীর মনোবল আগের মতো নেই বলে মনে করছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক ড. মো. আশরাফুর রহমান। তিনি সময়ের আলোকে বলেন, পুলিশ বাহিনীর মনোবল অনেকটা ভেঙে গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনীর অনেক সদস্য এখনও বহাল আছেন। আমরা আশা করেছিলাম নতুন লোক নেওয়া হবে, কিন্তু তা হয়নি। বরং অতীতে বিএনপি ট্যাগ দেওয়া কর্মকর্তাদের পদবঞ্চিত করা হয়েছে। এই সরকারের উচিত ছিলও তাদের তুলে আনা। নবীন-প্রবীণ মিলে পুলিশকে সাজানো যেত, কিন্তু কেন জানি তা হয়নি। যে কারণে নৈরাজ্য সৃষ্টিকারীদের সঠিকভাবে দমন করা যাচ্ছে না।
অন্যদিকে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু শাস্তি বা বদলি করলেই পুলিশের কর্মস্পৃহা বৃদ্ধি হবে না। নীতিনির্ধারকদের সঙ্গে মাঠপর্যায়ের পুলিশের বিশ্বাসের সংকট দূর করা ওপর জোর দিয়েছেন তারা।
সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক এ প্রসঙ্গে বলেন, পুলিশের কর্মে নিষ্ক্রিয়তার জন্য শুধু পুলিশ এককভাবে দায়ী নন। পুলিশের ভেতরও ভয় আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের ওপর যেসব আক্রমণ হয়েছে সেসব ঘটনায় কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এখনও পুলিশের ওপর হামলা হচ্ছে, থানায় ককটেল হামলা হচ্ছে, তাদের গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। তিনি বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার সঙ্গে বাস্তবতারও সম্পর্ক আছে। এসব বাস্তবতার সমাধান না করে শুধু শাস্তি দিয়ে বা বদলি করে পুলিশের ভেতর আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। এই অপরাধ বিশেষজ্ঞ আরও বলেন, মাঠপর্যায়ের পুলিশের সঙ্গে নীতিনির্ধারকদের বিশ্বাসের সংকটও পুলিশকে অনেক সময় নিষ্ক্রিয় করে রাখে। তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি মাঠপর্যায়ের পুলিশের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন তা হলে তারা অনেক বেশি সক্রিয় হয়ে উঠবেন।
জানা যায়, নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের বিষয়ে আরও গভীরভাবে খতিয়ে দেখতে তাদের অতীত কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসির অডিও কথোপকথন ফাঁস হওয়ার পর পুলিশের ভেতর ঘাপটি মেরে থাকা বিগত আওয়ামী লীগ সরকারের দোসর পুলিশ সদস্যদের বিষয়ে সতর্ক হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দারা। এরপর থেকে পুলিশ সদস্যদের অতীত রেকর্ড ও তথ্য যাচাই-বাছাই শুরু হয়। বাহিনীর ভেতরে তথ্য পাচার, দায়িত্বে অনিয়ম, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নানা ধরনের অপকর্মের অভিযোগ ঘিরে সদস্যদের ওপর নজরদারি বেড়েছে বলে জানা যায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রদবদল করা হয় অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার দায়িত্ব।
সময়ের আলো/প্রিন্ট/আতা