স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে তুলে ধরার অভিযোগ এনে একে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের সই করা এক ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়।
ব্যাখ্যায় বলা হয়, মঙ্গলবার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ভাষ্য, এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের আনুষ্ঠানিক নির্দেশনা দিতে গিয়ে প্রতিমন্ত্রী সরকারি উন্নয়নকাজের মান বজায় রাখা এবং দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের গুণগত মান নিশ্চিত করে নিয়ম মেনে ঠিকাদারদের বিল পরিশোধের নির্দেশনাও দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের কথা বলেছেন।
ব্যাখ্যায় আরও বলা হয়, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য আড়াল করে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপের কিছু বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তার বক্তব্যকে বিতর্কিত করার চেষ্টা করেছে একটি মহল। মন্ত্রণালয়ের দাবি, এসব বক্তব্যকে ঘুস লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা অনভিপ্রেত এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে রাজনৈতিক অপপ্রচারের শামিল।
মন্ত্রণালয় জানায়, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাসী এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। দায়িত্বশীল পদে থেকে বৈধ প্রক্রিয়ার বাইরে কোনো ধরনের অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ নেই।
ব্যাখ্যায় উল্লেখ করা হয়, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় গণমাধ্যমের সামনে আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় দেওয়া বক্তব্যগুলো প্রত্যাহার করেন তিনি। এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতে পারবেন।’
তার এ বক্তব্য প্রকাশের পর সমালোচনা শুরু হয়। পরে টিআইবি এর প্রতিবাদ জানায়।
সময়ের আলো/জেডি