চুরি ঠেকানোর পাইপলাইনেই তেল চুরি!

আইয়ুব খসরু

জাতীয়

জ্বালানি তেল চুরি ও পরিবহন ব্যয় কমানোর উদ্দেশ্যে প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনই এখন তেল

2026-11-11T18:59:30+00:00
2026-11-11T18:59:30+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
চুরি ঠেকানোর পাইপলাইনেই তেল চুরি!
আইয়ুব খসরু
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম 
বিপিসির ঢাকা–চট্টগ্রাম পাইপলাইনে অভিনব কায়দায় তেল চুরি। ছবি : সংগৃহীত
জ্বালানি তেল চুরি ও পরিবহন ব্যয় কমানোর উদ্দেশ্যে প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনই এখন তেল চুরির নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। কোথাও মাটির নিচে থাকা পাইপলাইন ফুটো করে সরাসরি ডিজেল চুরি হচ্ছে আবার কোথাও ট্যাংকের ধারণক্ষমতা কাগজে কম দেখিয়ে হিসাবের বাইরে রাখা হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। পাইপলাইন ঘিরে এমন একের পর এক অনিয়ম, অব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতা সামনে এলেও এখনো পুরোপুরি কার্যকর হয়নি এর স্বয়ংক্রিয় নজরদারি ও নিয়ন্ত্রণব্যবস্থা। ফলে হাজার হাজার কোটি টাকার এই প্রকল্পের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে।

এদিকে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেট (গ্যাসের উপজাত) বহনকারী পাইপলাইন ছিদ্র করে কনডেনসেট চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। পরে চুরি করা কনডেনসেট মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুদ করা হতো। এ ঘটনায় গত বুধবার রাতে নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রতনপুর গ্রামের ইসলাম উদ্দিনসহ চার-পাঁচ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েলের অভ্যন্তরীণ নথি পর্যালোচনায় দেখা গেছে, চট্রগ্রামের মিরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনায় নিরাপত্তা ও অটোমেশন ব্যবস্থার গুরুতর দুর্বলতা ধরা পড়েছে। গত ৮ জানুয়ারি এ ঘটনা প্রকাশ্যে এলেও এর আগে দীর্ঘ সময় ধরে পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে তেল চুরির চেষ্টা চলছিল। অন্যদিকে চট্টগ্রাম থেকে ফতুল্লা ডিপোতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের দুই দফায় ৩ লাখ ৭৫ হাজার ৪১৮ লিটার ডিজেলের হিসাব পাওয়া যাচ্ছে না। ডিপোর দুটি ট্যাংকের ধারণক্ষমতা নির্ধারণে বড় ধরনের অসংগতি এবং ক্যালিব্রেশন সনদে কারসাজির অভিযোগ উঠেছে।

শুধু তা-ই নয়, পাইপলাইন নির্মাণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজেও অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। অপটিক্যাল ফাইবার ক্যাবলে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত জয়েন্ট কিট স্থাপনের কারণে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এতে পাইপলাইন ইন্সটলেশন ডিটেকশন সিস্টেম (পিআইডিএস), লিক ডিটেকশন সিস্টেম (এলডিএস), সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন সিস্টেম (স্কাডা) ও সিসিটিভি কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অথচ এসব প্রযুক্তির মাধ্যমে পাইপলাইনে কোনো ধরনের অনুপ্রবেশ, খনন কিংবা তেল ছড়িয়ে পড়ার ঘটনা তাৎক্ষণিক শনাক্ত করার কথা।

বিপিসি সূত্রে জানা গেছে, বিপিসির প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-ঢাকা পেট্রোলিয়াম পাইপলাইন (সিডিপিএল) প্রকল্পে ব্যয় হয়েছে ৩ হাজার ৬৯৯ কোটি টাকা। পাইপলাইনটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। বছরে ৫০ লাখ টন জ্বালানি তেল পরিবহনের সক্ষমতা নিয়ে নির্মিত প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০২৫ সালের ১৬ আগস্ট। এর আগে ২০২৪ সালের জুনে পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল পরিবহন শুরু হয়। ১৬ ইঞ্চি ব্যাসের মূল পাইপলাইন মাটির পাঁচ ফুট নিচে স্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকল্পটির লক্ষ্য ছিল নদীপথে জাহাজ ও ট্যাংকারে তেল পরিবহনের ঝুঁকি, চুরি ও সিস্টেম লস কমানোর পাশাপাশি পরিবহন ব্যয় সাশ্রয় করা। প্রকল্পের নথি অনুযায়ী, বছরে ২৩৬ কোটি টাকা সাশ্রয়ের প্রত্যাশা রয়েছে। কিন্তু বাস্তবে প্রকল্পটির নিরাপত্তা, পরিচালনা ও তেল পরিমাপের ব্যবস্থায় একের পর এক দুর্বলতা সামনে আসছে।

অকার্যকর অটোমেশন, সংকেত পায় না নিয়ন্ত্রণকক্ষ

মিরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনায় পেট্রোলিয়াম ট্রান্সমিশন কম্পানি (পিটিসি) পিএলসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অটোমেশন ব্যবস্থার গুরুতর ত্রুটি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮ জানুয়ারি পাইপলাইনে ছিদ্র করে তেল বের করে নেওয়ার সময় ডেসপ্যাচ টার্মিনালের নিয়ন্ত্রণকক্ষে স্থাপিত পিআইডিএস ও এলডিএস কোনো সংকেত দেয়নি। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে বিষয়টি জানতে পারেননি। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে মোবাইল ফোনে খবর পাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তদন্তে দেখা যায়, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তিন মাসে পিআইডিএস ১০৮ বার অকার্যকর হয়ে পড়ে। অন্যদিকে ফিল্ড ইনস্ট্রমেন্টের ত্রুটির কারণে এলডিএস ৪৯ দিন কার্যত অকার্যকর ছিল। টেলিযোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন এবং অপটিক্যাল ফাইবার ক্যাবলের ত্রুটিকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৯ জানুয়ারি পাইপলাইন মেরামতের জন্য এক্সকাভেটর দিয়ে মাটি খনন এবং পাইপের ছিদ্রে রিপেয়ার ক্ল্যাম্প স্থাপনের সময়ও পিআইডিএস কোনো সংকেত দেয়নি। নকশা অনুযায়ী, পাইপলাইন থেকে ১০ থেকে ২০ মিটার দূরত্বের মধ্যে খননকাজ হলে এ ব্যবস্থায় সংকেত পাওয়ার কথা। কিন্দ বাস্তবে তা কার্যকর ছিল না। এ ছাড়া গোদনাইল রিসিপ্ট টার্মিনালের স্কাডা ব্যবস্থার চারটি সার্ভার ২০২৫ সালের ১ নভেম্বর থেকে নষ্ট হয়ে যায়। সার্ভারগুলো হলো স্কাডা প্রাইমারি, স্কাডা সেকেন্ডারি, এলডিএস ও ওয়েভ সার্ভার। চলতি বছরের ১১ জানুয়ারি সার্ভারগুলো পুনঃস্থাপন করা হলেও তদন্ত প্রতিবেদন জমার সময় পর্যন্ত সেগুলো কার্যকর হয়নি। এলডিএস সার্ভার নষ্ট থাকা এবং আরটিইউ প্যানেলে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় দীর্ঘদিন এ ব্যবস্থাও অকার্যকর ছিল। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরো ২৫০ কিলোমিটার পাইপলাইনে অটোমেশন ব্যবস্থা কার্যকর করতে আরও সময় লাগতে পারে।

এ বিষয়ে বিপিসি’র চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের পাইপলাইন নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল পরিবহন ব্যয় ও সিস্টেম লস কমানো, অপচয় রোধ এবং দ্রুত ও নিরাপদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তবে পাইপলাইনে তেল চুরির একটি ঘটনা সামনে আসার পর নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনেও প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এ কারণে অপটিক্যাল ফাইবার কেবলের (ওএফসি) মাধ্যমে পাইপলাইন পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ প্রযুক্তি ব্যবহারে কিছু কারিগরি সমস্যা রয়েছে। পাইপলাইন সড়কের পাশ দিয়ে যাওয়ায় যানবাহনের শব্দ এবং অবৈধভাবে পাইপলাইনে হস্তক্ষেপের ফলে সৃষ্ট শব্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সমস্যা হচ্ছে। বিষয়টি সমাধানে কাজ চলছে। পাইপলাইনের পুরো অংশে নজরদারি নিশ্চিত করতে প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।’

পাইপলাইন থেকে সরাসরি তেল চুরির পাশাপাশি ফতুল্লা ডিপোতে হিসাবের গরমিলের মাধ্যমে বিপুল পরিমাণ ডিজেল গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। যমুনা অয়েলের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, দুই দফায় পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের সময় মোট ৩ লাখ ৭৫ হাজার ৪১৮ লিটার ডিজেলের হিসাব পাওয়া যাচ্ছে না। এর মধ্যে প্রথম দফায় ২ লাখ ৬২ হাজার ৮০৪ লিটার এবং দ্বিতীয় দফায় ১ লাখ ১২ হাজার ৬১৪ লিটার ডিজেলের ঘাটতি পাওয়া যায়।

যমুনা অয়েলের পরিচালন বিভাগের পক্ষ থেকে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়। চিঠি অনুযায়ী, ২৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত প্রথম দফায় তেল সরবরাহের সময় হিসাব ও বাস্তব মজুতে ২ লাখ ৬২ হাজার ৮০৪ লিটারের পার্থক্য পাওয়া যায়। দ্বিতীয় দফায় ১৪ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সরবরাহের সময় আরও ১ লাখ ১২ হাজার ৬১৪ লিটারের ঘাটতি দেখা দেয়। ডিপোর ২২ ও ২৩ নম্বর ট্যাংকের ধারণক্ষমতা নিয়ে অসংগতি পাওয়ার পর বিষয়টি আরও সন্দেহজনক হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, ট্যাংক দুটির প্রকৃত ধারণক্ষমতার তুলনায় ক্যালিব্রেশন সনদে কম ধারণক্ষমতা দেখানো হয়েছে। এতে ট্যাংকে বাস্তবে যতটা তেল রয়েছে, হিসাবের খাতায় তার চেয়ে কম দেখানোর সুযোগ তৈরি হয়। এই পার্থক্য কাজে লাগিয়ে অতিরিক্ত তেল হিসাবের বাইরে সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।

বিশেষ করে ২২ নম্বর ট্যাংকের ২০১৮ ও ২০২৫ সালের ক্যালিব্রেশন প্রতিবেদনে বড় ধরনের পার্থক্য পাওয়া গেছে। ২০১৮ সালের সনদ অনুযায়ী, ২ হাজার মিলিমিটার উচ্চতায় ট্যাংকটির ধারণক্ষমতা ছিল ১২ লাখ ৮৮ হাজার ৪৪ লিটার। ২০২৫ সালের প্রতিবেদনে একই উচ্চতায় ধারণক্ষমতা দেখানো হয়েছে ১২ লাখ ২৮ হাজার ৮৪০ লিটার। অর্থাৎ কাগজে ধারণক্ষমতা কম দেখানো হয়েছে ৫৯ হাজার ২০৪ লিটার। একইভাবে ১২ হাজার ১৪০ মিলিমিটার উচ্চতায় ২০১৮ সালে ধারণক্ষমতা ছিল ৭২ লাখ ৬৬ হাজার ৩৯৭ লিটার। ২০২৫ সালে তা দেখানো হয়েছে ৭২ লাখ ৮ হাজার ১২৯ লিটার। এ ক্ষেত্রেও পার্থক্য ৫৮ হাজার ২৬৮ লিটার।

ট্যাংক দুটির ক্যালিব্রেশনের দায়িত্বে ছিল খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম নুরুল হক। প্রতিষ্ঠানটির মালিক আন্দালিব বিন হক গণমাধ্যমকে জানিয়েছেন, ক্যালিব্রেশন সনদে ১ শতাংশ পর্যন্ত ভুল গ্রহণযোগ্য হতে পারে। তবে ৬০ হাজার লিটারের পার্থক্য গ্রহণযোগ্য নয়। তিনি বিষয়টিকে মুদ্রণজনিত ভুল হতে পারে বলে বলে উলে­খ করেছেন। একই সঙ্গে স্বীকার করেছেন, যমুনা অয়েল খসড়া প্রতিবেদন যথাযথভাবে যাচাই করেনি।

যমুনা অয়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ট্যাংকের ধারণক্ষমতা কম দেখিয়ে তেল সরানোর সুযোগ তৈরি করা হয়েছে। তাঁদর ধারণা, দুই দফায় প্রায় আড়াই লাখ লিটার ডিজেল চুরি হয়ে থাকতে পারে। তবে হিসাবের বাইরে থাকা পুরো ৩ লাখ ৭৫ হাজার ৪১৮ লিটার ডিজেল চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পাইপলাইনে অবশিষ্ট তেল, পরিমাপগত ত্রুটি কিংবা অন্য কোনো কারণে হিসাবের পার্থক্য তৈরি হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নদীপথের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানে সংকট

চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনে পাইপলাইন চালু হওয়ায় দীর্ঘদিন ধরে নদীপথে তেল পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানেও প্রভাব পড়েছে। আগে জাহাজ, লাইটার ভেসেল ও ট্যাংকারের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হতো। এ কাজে কয়েক হাজার শ্রমিক, কর্মচারী, নাবিক ও সংশ্লিষ্ট পেশাজীবী যুক্ত ছিলেন। পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল পরিবহন শুরু হওয়ায় নদীপথে জ্বালানি পরিবহনের কাজ কমেছে। এতে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের একটি বড় অংশ কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন। অন্যদিকে তেল পরিবহনে নিয়োজিত লাইটার ভেসেল ও ট্যাংকার মালিকদের আয় কমে যাওয়ায় তাদের মধ্যেও আর্থিক সংকট তৈরি হয়েছে।

একদিকে পাইপলাইন প্রকল্পের উদ্দেশ্য ছিল পরিবহন ব্যয় ও চুরি কমিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে এর নিরাপত্তা ও পরিচালনব্যবস্থার দুর্বলতার কারণে সেই লক্ষ্য কতটা অর্জিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই জ্বালানি তেল চুরি বন্ধ হবে না। পাইপলাইনের দুই প্রান্তে তেলের পরিমাণ নির্ভুলভাবে পরিমাপ, ট্যাংকের ক্যালিব্রেশন যাচাই, স্বয়ংক্রিয় মজুত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নজরদারি কার্যকর করা জরুরি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চুরি ঠেকানো  পাইপলাইন  তেল চুরি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: