প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম
রাজধানীজুড়ে বেড়েছে তল্লাশি-নজরদারি। ছবি : সংগৃহীত রাজধানীর নিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। অপরাধ প্রতিরোধ এবং নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখছেন পুলিশ সদস্যরা।
আকতার হোসেন জানান, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, রাজধানীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের সুরক্ষায় ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে।
সময়ের আলো/জেডি