মৎস্য হ্যাচারির উদ্যোক্তা থেকে দুই মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মৎস্য হ্যাচারি শিল্পে স্বর্ণপদক অর্জন, চার দশকের বেশি সময়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, শিল্প ও বাণিজ্য সংগঠনে নেতৃত্ব; বহুমাত্রিক কর্মজীবনের অধিকারী ফকির

2026-11-11T16:24:56+00:00
2026-11-11T16:28:56+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
মৎস্য হ্যাচারির উদ্যোক্তা থেকে দুই মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ৪:২৮ পিএম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি : সংগৃহীত
মৎস্য হ্যাচারি শিল্পে স্বর্ণপদক অর্জন, চার দশকের বেশি সময়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, শিল্প ও বাণিজ্য সংগঠনে নেতৃত্ব; বহুমাত্রিক কর্মজীবনের অধিকারী ফকির মাহবুব আনাম। মৎস্য, তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি; বিভিন্ন খাতে নিজের উদ্যোগ ও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। শিল্পোদ্যোক্তা ও রফতানিকারক হিসেবে পরিচিত এই ব্যক্তিত্বের জীবনে যুক্ত হয়েছে নতুন পরিচয়। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের।

ফকির মাহবুব আনামের বেড়ে ওঠা শিল্প, সংস্কৃতি, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের আবহে। ১৯৫৩ সালের ৫ মার্চ তৎকালীন ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। বাবা মৃত মকবুল হোসেন ফকির এবং মা মরিয়ম বানু। তার স্ত্রীর নাম রেশমা আনাম।

তার পারিবারিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে শিল্প ও রাজনীতির গুরুত্বপূর্ণ ইতিহাস। বড় চাচা আফাজ উদ্দিন ফকির ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ। ১৯৭১ সালের পূর্বে তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় পদক ‘সিতারা-ই কায়েদে আজম’ লাভ করেন। পরবর্তী সময়ে ১৯৭৯ সালে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে, ছোট চাচা লোকমান হোসেন ফকির ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক। বাংলা সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে তিনি মরণোত্তর একুশে পদক লাভ করেন। পরিবারের এই সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্য ফকির মাহবুব আনামের পরিচয়ের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষাজীবন

শৈশব থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল তার। সেই আগ্রহ থেকেই শিক্ষাজীবনে বিজ্ঞানকে বেছে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে লন্ডনের উইলসডেন কলেজ অব টেকনোলজি থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি লাভ করেন। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক এই শিক্ষার অভিজ্ঞতা পরবর্তী সময়ে তার পেশাগত জীবনকে সমৃদ্ধ করে।

শিল্পোদ্যোগে চার দশকের পথচলা

শিক্ষাজীবন শেষে কর্মজীবনে নিজেকে একজন সফল শিল্পোদ্যোক্তা ও রফতানিকারক হিসেবে প্রতিষ্ঠিত করেন ফকির মাহবুব আনাম। চার দশকেরও বেশি সময় ধরে তার ব্যবসায়িক কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে মৎস্য, তৈরি পোশাকশিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে।

শুধু ব্যবসা পরিচালনাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। দেশের শিল্প ও বাণিজ্য খাতের সাংগঠনিক কর্মকাণ্ডেও রেখেছেন ভূমিকা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে নেতৃত্ব দিয়েছেন। এসব দায়িত্ব পালনের মধ্য দিয়ে শিল্প ও বাণিজ্য খাতের নীতিনির্ধারণী কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

মৎস্য হ্যাচারি শিল্পে স্বর্ণপদক

তার কর্মজীবনের বিশেষ উল্লেখযোগ্য অধ্যায় মৎস্য হ্যাচারি শিল্পে অবদান। দেশের মৎস্য হ্যাচারি শিল্পের বিকাশ ও সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেন তিনি। শিল্পোদ্যোক্তা হিসেবে এটি তার অন্যতম বড় অর্জন। মৎস্য খাতে দীর্ঘদিনের উদ্যোগ, দক্ষতা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তার কর্মজীবনে বিশেষ স্থান দখল করে আছে।

মধুপুরের উন্নয়নেও সম্পৃক্ততা

ব্যবসা-বাণিজ্যের বাইরেও বৃহত্তর মধুপুর অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হন ফকির মাহবুব আনাম। ২০০০ সালের দিকে মধুপুর অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। এরপর স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।

২০০৬ সালে বৃহত্তর মধুপুর অঞ্চল পুনর্গঠন করে ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার প্রক্রিয়ায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নতুন প্রশাসনিক এলাকা প্রতিষ্ঠা এবং স্থানীয় মানুষের জন্য প্রশাসনিক সেবা সম্প্রসারণের উদ্যোগে তার সম্পৃক্ততা উল্লেখযোগ্য।

শিল্পোদ্যোক্তা থেকে রাষ্ট্রীয় দায়িত্বে

দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা, শিল্প খাতে নেতৃত্ব এবং সাংগঠনিক কর্মকাণ্ডের পথ পেরিয়ে ফকির মাহবুব আনামের জীবনে যুক্ত হয়েছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার কর্মজীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন তিনি।

যে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা দিয়ে তার শিক্ষাজীবনের পথচলা শুরু, কর্মজীবনের দীর্ঘ সময় পেরিয়ে সেই সংশ্লিষ্ট খাতের রাষ্ট্রীয় দায়িত্বও এখন তার কাঁধে। মৎস্য হ্যাচারি শিল্পে স্বর্ণপদক অর্জন থেকে শুরু করে বিভিন্ন শিল্প খাতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, ব্যবসায়িক সংগঠনে নেতৃত্ব এবং মন্ত্রিত্ব—সব মিলিয়ে ফকির মাহবুব আনামের কর্মজীবন বহুমাত্রিক। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি নিজ উদ্যোগ, অভিজ্ঞতা ও কর্মদক্ষতায় গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচিতি।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ফকির মাহবুব আনাম  উদ্যোক্তা  মন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: