সংগৃহীত ছবি‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধনের প্রস্তাব জানিয়েছে ‘রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’। বিদ্যমান যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য অন্তত ২ বছর সময় দেওয়া, ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সুনির্দিষ্ট করা ও নিবন্ধন ফি কমানোসহ ৯ দফা প্রস্তাব তুলে ধরেছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই প্রস্তাবগুলো পেশ করা হয়। সমাবেশ শেষে সংগঠনটির ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কথা জানানো হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে সংগঠনের ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ বলেন, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে কর্মসংস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সাশ্রয়ী বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে গত ১৩ বছর ধরে উচ্ছেদ, ডাম্পিং, গ্যারেজ বন্ধ ও গ্রেফতরের মাধ্যমে এ খাতের চালক-মালিকদের হয়রানি করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, ২০২২ সালের এপ্রিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার পক্ষে রায় দেন। পরবর্তীতে গত ২৯ অক্টোবর সরকার ‘ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে, যাকে স্বাগত জানালেও বেশ কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে বলে দাবি করেন তিনি।
সংগ্রাম পরিষদের উত্থাপিত ৯ দফা প্রস্তাব—
১। বিদ্যমান ই-রিকশাকে বুয়েট স্বীকৃত কাঠামোয় রূপান্তরে অন্তত ২ বছর সময় দিতে হবে এবং বিধিমালাকে উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।
২। প্রকৃত চালক ও মালিকদের অন্তর্ভুক্ত করে নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩। চালকদের লাইসেন্স দেওয়ার নিয়ম স্পষ্ট করে বিআরটিএকে যুক্ত করতে হবে এবং প্রয়োজনীয় লার্নার ও লাইসেন্স ফরম সংযোজন করতে হবে।
৪। দুই আসনের ই-রিকশার এককালীন ফি ৮ হাজার টাকা (বার্ষিক নবায়ন ৪ হাজার) এবং ৪ আসনের ই-রিকশার এককালীন ফি ১০ হাজার টাকা (বার্ষিক নবায়ন ৫ হাজার) নির্ধারণ করতে হবে।
৫। ই-রিকশার সংখ্যা নির্ধারণে চালক ও সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিতে হবে।
৬। মহাসড়কের পাশে সাইডলেন তৈরি করতে হবে এবং কোন কোন সড়কে চলাচল করবে, তা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে হবে।
৭। চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ ও ব্যয়বহুল বীমা বাধ্যবাধকতা তুলে দিতে হবে এবং সুবিধাজনক স্থানে নতুন চার্জিং স্টেশন করতে হবে।
৮। বিআরটিএর অনুমোদিত নকশায় স্থানীয় উৎপাদকদের ই-রিকশা তৈরির সুযোগ দিতে হবে, যেন সিন্ডিকেট তৈরি না হয় এবং
৯। সিটি করপোরেশনের বাইরের ক্ষেত্রগুলোতে (পৌরসভা ও উপজেলা) এই বিধিমালার প্রয়োগ কিভাবে হবে, তা পরিষ্কার করতে হবে।
সংগ্রাম পরিষদের নেতারা জানান, এ বিষয়গুলো নিরসনে তারা সরকারের সঙ্গে আলোচনা করতে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছেন।
সময়ের আলো/কেএইটও