প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও অসুস্থ ৯৪ শিক্ষার্থী চিকিৎসা নিতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে ৩৮ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে নেওয়া হয়েছিল। তবে বর্তমানে চারজনের অবস্থাই স্থিতিশীল।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য ইতোমধ্যে দুটি পৃথক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত এবং রোগীদের শারীরিক অবস্থার উন্নতি বিবেচনায় বুধবার কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
তিনি আরও জানান, অসুস্থ শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বুধবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সময়ের আলো/এসএকে