ছবি : সংগৃহীত নথিপত্র ছাড়া ও অনিয়মিত পথে ইউরোপে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪০ জন গ্রিস থেকে এবং চারজন সাইপ্রাস থেকে ফিরেছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা ৪৪ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।
শরিফুল হাসান বলেন, এত দিন লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা শীর্ষে ছিলেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, একই পথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। এভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
তিনি বলেন, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলো দিন দিন কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হচ্ছে।
শরিফুল হাসানের ভাষ্য, ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও অনেকে শেষ পর্যন্ত কোনো সুফল পাচ্ছেন না। অথচ অনেকের ধারণা, যেকোনোভাবে ইউরোপে পৌঁছাতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার জন্য অন্যদের উৎসাহিত করেছিলেন। এ পরিস্থিতিতে বিদেশগামীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশে যাওয়া উচিত।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।
নথিপত্রহীন বা অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে ২০১৭ সালে ইউরোপের দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এ চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।
শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তাদের পুনর্বাসন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগও রয়েছে ইউরোপের দেশগুলোর।
সময়ের আলো/এসএকে