প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ এএম আপডেট: ১১.১১.২০২৬ ৯:৪৭ এএম
সংগৃহীত ছবি বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস। তাদের মধ্যে রয়েছেন ২৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মো. হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অবৈধভাবে গ্রিসে আসতে উৎসাহিত করে ভিডিও প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রিসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, হাসান মৌলভীবাজারের বাসিন্দা। তিনি গত চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন।
প্রতিবেদনগুলোতে বলা হয়, গত জুনে গ্রিসের ঐতিহাসিক শহর নাফপ্লিওতে ধারণ করা একটি ভিডিও টিকটকে প্রকাশ করেন হাসান। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তারা সেখানে কাজ করছেন। যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরও চিন্তার কিছু নেই। এমনকি ৫০ বছর সেখানে থাকলেও পুলিশ আসবে না বলে দাবি করেন তিনি। একই সঙ্গে কাগজপত্র ছাড়া বাংলাদেশিদের নাফপ্লিওতে আসার আহ্বান জানান।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গ্রিসজুড়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি দেশটির কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ তদন্ত শুরু করে এবং হাসানকে শনাক্ত করে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হাসানের আগে গ্রিসে বৈধভাবে বসবাসের অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) ছিল। তবে ভিডিও প্রকাশের ঘটনার পর তার সেই অনুমতিপত্র বাতিল করা হয়। একই সঙ্গে তার আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়। পরে তাকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ।
গ্রিসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে একটি বিশেষ চার্টার ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসন ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, ঘটনাটি গ্রিসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। প্রবাসীদের অভিযোগ, গত দুই-তিন বছরে লিবিয়া হয়ে বিপজ্জনক সমুদ্রপথে গ্রিসে যাওয়া কিছু বাংলাদেশি টিকটকার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ও ভিউ বাড়াতে অবৈধ অভিবাসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে গ্রিসের স্থানীয় প্রশাসন ও জনগণের কাছে পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন তারা।
সময়ের আলো/কেএইচও