প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ এএম
ছবি : সংগৃহীত সৌদি আরব থেকে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন ভঙ্গের ঘটনা।
এসপিএর তথ্যমতে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে গ্রেফতার করেছে সীমান্ত কর্তৃপক্ষ। এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।
বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, দেশটির ভেতরে অবৈধ অভিবাসীদের পরিবহন করলে কিংবা তাদের আশ্রয়, সহযোগিতা বা অন্য কোনো সেবা দিলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সময়ের আলো/এসএকে