প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৫ এএম
ছবি : সংগৃহীত জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার পরও যারা জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হতে পারেননি, তাদের নতুন করে আবেদনের সুযোগ দিয়েছে সরকার। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার উপযুক্ত প্রমাণক জমা দিয়ে তারা এ আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তারা আবেদন করতে পারবেন।
আগ্রহী ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দিতে পারবেন। ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা পড়া আবেদনগুলো বিশেষ দূতের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে পাঠানো নিশ্চিত করতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ৮৪২ জনের পাশাপাশি তিনটি ক্যাটাগরিতে মোট ১৪ হাজার ৩৬৮ জন আহত জুলাই যোদ্ধার নামে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে ৯৯০ জন, ‘খ’ ক্যাটাগরিতে ১ হাজার ৪১৪ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে ১১ হাজার ৯৬৪ জন রয়েছেন।
এদিকে উপজেলা ও জেলা পর্যায়ে আহত আরও ৯৩১ জনের আবেদন অনিষ্পন্ন রয়েছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের শেষ কর্মদিবস ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন করে শহিদ ও জুলাই যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির আবেদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ে না পাঠাতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছিল। এর ফলে নতুন আবেদন গ্রহণ ও পাঠানোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন করার সুযোগ দিতে নতুন করে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সময়ের আলো/এসএকে