ছবি : সংগৃহীত দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে অভিনব প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। তেল সরবরাহের সময় গ্রাহককে ঠকিয়ে প্রতি ১০ লিটারে সর্বোচ্চ আধা লিটারের বেশি তেল কম দেওয়া হচ্ছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন প্রতারণার প্রমাণ মিলেছে।
এভাবে পরিমাপে কারচুপির দায়ে রাজধানীর কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বিএসটিআই। মঙ্গলবারের অভিযানে প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে বেগম রোকেয়া সরণির পশ্চিম কাফরুলে অবস্থিত প্রতিষ্ঠানটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ মেলে। এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম পাওয়া যায়।
এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল কাদের এবং মেট্রোলজি বিভাগের পরীক্ষক আহসান হাবীব খান।
এর আগে রাজধানীর আরও কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে একই ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে বিএসটিআই। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
বিএসটিআই সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মতিঝিল এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স পূবালী ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি পেট্রোল ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল ইউনিটে ১০০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। পরিদর্শনকাজে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা এবং দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়।
গত ৩১ আগস্ট তেজগাঁও শিল্প এলাকায় মেসার্স শিকদার ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে ছয়টি অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দুটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ২১০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং ইউনিটগুলোর পরিমাপ সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
গত ১১ আগস্ট মগবাজারের মঈন মটরসে অভিযান চালিয়ে তিনটি ডিসপেন্সিং ইউনিটের মধ্যে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ২০০ মিলিলিটারের বেশি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিমাপ সঠিক করার নির্দেশ দেওয়া হয়।
গত ৩০ জুলাই খিলক্ষেতের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ১৩টি ডিসপেন্সিং ইউনিটের মধ্যে তিনটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটারের বেশি তেল কম পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট তিনটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
এর আগে ২৭ জুলাই শেরেবাংলা নগরের আসাদগেটে তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারে অভিযান চালানো হয়। পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটারের বেশি তেল কম পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ইউনিটগুলোর পরিমাপ সঠিক পাওয়ায় সেগুলোর বিষয়ে সন্তোষ প্রকাশ করে বিএসটিআই।
সময়ের আলো/প্রিন্ট/আতা