আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা হলে ধর্ষণ মামলা বাদে হত্যা মামলাসহ সকল মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে কোনো মামলা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হলে তা প্রত্যাহারে সরকারের কোনো দ্বিধা নেই। এ ক্ষেত্রে কোনো পক্ষপাত বা শর্তের সুযোগ থাকবে না। গণ-অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তিনি। অন্যদিকে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতরসহ সরকারি দফতরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। সরকার এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনো মামলার গায়ে রাজনৈতিক মামলা লেখা থাকে না। এ কারণে রাজনৈতিক হয়রানির শিকার নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় তা যাচাই করে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যাদের বিরুদ্ধে এখন মামলা আছে, শুধু ধর্ষণ মামলা বাদে অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও যদি সেটি রাজনৈতিক প্রকৃতির হয় এবং আমাদের যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে আসে, তাহলে প্রত্যাহার করে দেব। এখানে কোনো ইফস অ্যান্ড বাটসের সুযোগ নেই। প্রশ্ন উত্থাপনকারি সংসদ সদস্যের বিরুদ্ধেও মামলা থাকলে দ্রুত আবেদন করতে পারেন। সরকার তা প্রত্যাহারের ব্যবস্থা নেবে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করেননি। আদালতের মাধ্যমেই তাদের মামলাগুলো নিষ্পত্তি হয়েছে। তারা কোনো অনুকম্পা নেননি।
এর আগে বিরোধী দলের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইন মন্ত্রী আসাদুজ্জামান জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনা প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রত্যাহারের সুপারিশ করে। জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা ও সমন্বয়ের জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী জানান, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের যেসব আবেদন এসেছে, সেগুলোর মধ্যে ছাত্রশিবিরের মামলাগুলো যথাযথ ফরমে আবেদন করায় প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন নির্ধারিত ফরমে না থাকায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ও সাধারণ সম্পাদক গোলাম পরওয়ারকে ফোন করে সঠিক ফরমে আবেদন জমা দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
এদিকে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান , গত ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ মোতাবেক বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সরকারি কর্মকর্তা/কর্মচারীর শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২ জন।
বিপুল এই শূন্যপদ পূরণের উদ্যোগ বিষয়ে জবাবে বলা হয়, বর্তমান সরকার ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’-এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পত্র পাঠানো হয়েছে।
উত্তরে আরও উল্লেখ করা হয়, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগের বিষয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
সময়ের আলো/কেএইচও