প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৫:৪৪ পিএম
দুদকের চাকরি ফিরে পেয়েছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। সংগৃহীত ছবি দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেয়েছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগের আইনি বাধা কেটে যাওয়ায় তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে তার জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখা এবং চাকরিচ্যুতির সময় থেকে সব বকেয়া বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দুদকের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ওই সময় তিনি দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।
এর আগে, চট্টগ্রামে কর্মরত থাকার সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম এবং রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো সংবেদনশীল দুর্নীতির তদন্ত করে আলোচনায় আসেন শরীফ উদ্দিন। এসব ঘটনায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন তিনি। এর কিছুদিন পর তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। দুদকের কর্মকর্তা-কর্মচারীরাও এ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেন।
চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই তার চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করেন হাইকোর্ট। পাশাপাশি রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে সব প্রাপ্য সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। তবে পরবর্তী সময়ে বর্তমান কমিশন ওই আবেদন আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় লিভ টু আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় ১৫ অক্টোবর আপিল বিভাগ আবেদনটি ‘ডিসমিসড এজ বিং নট প্রেসড’ মর্মে আদেশ দেন। ফলে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকেনি।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর চাকরিতে পুনর্বহালের জন্য কমিশনে আবেদন করেন শরীফ উদ্দিন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় তার আবেদনটি উপস্থাপন করা হয়। আদালতের রায় ও শরীফ উদ্দিনের আবেদন পর্যালোচনা করে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা অপসারণের আদেশ প্রত্যাহার এবং তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় কমিশন।
সময়ের আলো/ইউএমএইচ